অবশেষে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন, কারও সৃজনশীল ভাবনাকে অসম্মান করার উদ্দেশ্য তাঁর নেই। শুক্রবার সকালে প্রসেনজিতের প্রতি ‘অভিমান’-এর কথা প্রকাশ্যে জানিয়েছিলেন পরিচালক সুমন ঘোষ। তা নিয়ে আলোচনাও শুরু হয় নানা মহলে। শেষে তার উত্তরে মিলল প্রসেনজিতের বার্তা।
সুমনের নজরে এসেছে প্রসেনজিতের নতুন ছবির প্রচার-ঝলক। সুমনের দাবি, ছবিতে প্রসেনজিতের চরিত্রের সঙ্গে তাঁর ভাবনায় থাকা একটি ছবির এক চরিত্রের মিল রয়েছে। পরিচালক দাবি করেছেন, এমনই এক চরিত্র নিয়ে গত আড়াই বছর ধরে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। অনেক দূর এগিয়েছিল সে সব কথা। সেই ছবি প্রযোজনা করার কথাও নাকি ছিল প্রসেনজিতের নিজস্ব প্রযোজনা সংস্থার। পরিচালকের এমন অভিযোগ প্রকাশ্যে আসার পরে টলিপাড়ার অন্দরে রীতিমতো তোলপাড় শুরু হয়।
সমাজমাধ্যমে সুমনের পোস্ট। ছবি: ফেসবুক।
শেষমেশ সুমনের অভিযোগের উত্তর দেন নায়ক। প্রসেনজিৎ লিখেছেন, “একজন অভিনেতা হিসাবে আমার দায়িত্ব হল আমার হাতে তুলে দেওয়া চিত্রনাট্যকে পর্দায় যথাযথ ভাবে জীবন্ত করে তোলা। কারও সৃজনশীল বিশ্বাস বা ভাবনার প্রতি অসম্মান প্রদর্শনের কোনও উদ্দেশ্য একেবারেই নেই। সুমনের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।” এমনকি, অভিনেতা এ কথাও জানান যে, পরিচালক হিসাবে সুমনকে শ্রদ্ধা করেন তিনি।
প্রসেনজিতের বার্তা। ছবি: ফেসবুক।
প্রসঙ্গত, আলোচিত ছবির প্রযোজনা সংস্থার তরফেও এই প্রেক্ষিতে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে তারা জানিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবি সম্পূর্ণ মৌলিক গল্প থেকেই তৈরি হয়েছে।