প্রেমের সপ্তাহ। প্রেমের উদ্যাপন। গত কয়েক বছর ধরে ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, এই এক সপ্তাহ উৎসবে পরিণত হয়েছে। নতুন প্রজন্মের একাংশ যেখানে সম্পর্ক-বিয়ের উপর থেকে আস্থা হারাচ্ছে, তেমনই আবার ঋতুপর্ণা সেনগুপ্ত-ভাগ্যশ্রীদের প্রজন্মের নায়িকা বা সেই প্রজন্মের সাধারণের কাছে বিয়ে এবং সম্পর্কের উপর আস্থা বিপুল। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে উত্তেজনা বাঁচিয়ে রাখার টোটকা দিলেন দুই নায়িকা।
ঋতুপর্ণা এবং ভাগ্যশ্রী দু’জনেই ভাল বন্ধু। কলকাতায় একসঙ্গে ফ্রেমবন্দি দুই নায়িকা। কথোপকথনের মাঝেই বর্তমান প্রজন্মের সম্পর্কের প্রতি বিশ্বাসের প্রসঙ্গ ওঠে। তখনই ভাগ্যশ্রী বলেন, “আমার ছেলেমেয়ে মাঝে মাঝে প্রশ্ন করে, কী করে এত বছর এক সম্পর্কেই আবদ্ধ রয়েছি। ওদেরও একই কথা বলি। সম্পর্কে উত্তেজনা বা নতুনত্ব বজায় রাখতে স্বামী-স্ত্রীর সম্পর্কের বাইরেও নিজেদের নতুন ভাবে পরস্পরের কাছে তুলে ধরা উচিত। প্রেম করার সময়ে যে ভাবে হয়তো একে অপরের সঙ্গে মিশতাম, মাঝে মাঝে সেটাও মনে করিয়ে দিতে হয়। ডেটে যাওয়া উচিত মাসে অন্তত এক থেকে দু’বার। তাতেই সম্পর্ক একটু অন্য স্বাদ পায়।”
আরও পড়ুন:
ভাগ্যশ্রীর কথার রেশ ধরে অভিনেত্রী ঋতুপর্ণাও জুড়লেন তাঁর জীবনের কথা। নতুন প্রজন্মের ভাবনার সঙ্গে তাঁর মাঝে মাঝে মানিয়ে নিতে অসুবিধা হয়। অভিনেত্রী বলেন, “আমার আর সঞ্জয়ের তো আবার ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক। আমি তো ওর জন্য গাড়ি চালানো শিখলাম। কখনও ওর যদি ইচ্ছা না করে, যাতে আমি চালিয়ে নিয়ে যেতে পারি। এই ছোট ছোট জিনিসগুলোই সম্পর্ককে আরও সুন্দর করতে সাহায্য করে।” এই টোটকা কি তা হলে নতুন প্রজন্মের পথ চলাকে সহজ করবে? তা অবশ্য সময়ের উপরে ছেড়ে দিতে হবে।