আবার আলোচনার কেন্দ্রে অভিনেতা তথা প্রযোজক জ্যাকি ভগনানী। ছড়িয়ে পড়েছে একটি ‘ডেটিং অ্যাপ’-এ অভিনেতার নামের একটি প্রোফাইলের স্ক্রিনশট। যা থেকে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এখনও পর্যন্ত ওই প্রোফাইলটি সত্যিই জ্যাকির কি না, বা তিনি আদৌ ওই অ্যাপ ব্যবহার করছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছুই জানা যায়নি।
ছড়িয়ে পড়া স্ক্রিনশটে ‘জ্যাকি’ নামের একটি প্রোফাইল দেখা গিয়েছে। সেখানে ব্যবহারকারীর পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা ও প্রযোজক হিসাবে। বাসস্থান হিসাবে লেখা রয়েছে লন্ডন, যুক্তরাজ্য। সেখানে ছবিও ব্যবহার করা হয়েছে অভিনেতার। তবে প্রোফাইলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সেটি আদৌ জ্যাকির কি না, নিষ্ক্রিয় কোনও অ্যাকাউন্ট কি না, নাকি অন্য কেউ তাঁর পরিচয়ে ভুয়ো প্রোফাইল তৈরি করেছে— কোনও বিষয়ই এখনও স্পষ্ট নয়।
কয়েক মাস আগেই নিজের দাম্পত্যজীবন নিয়ে করা জ্যাকির একটি মন্তব্য বিপুল আলোড়ন সৃষ্টি করেছিল। এক সাক্ষাৎকারে মজার ছলে রকুল প্রীত সিংহের সঙ্গে তাঁর সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে নানা ব্যাখ্যা শুরু হয়।
তার পরেই এই প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান রকুল। তিনি লিখেছিলেন, “এক ঘণ্টার কথোপকথন থেকে একটি মাত্র বাক্য তুলে শিরোনাম তৈরি করা হয়েছে। আজ সেটা নিয়ে আমরা হাসাহাসি করেছি। কোনও জিনিস মজার তত ক্ষণই, যত ক্ষণ না সেটা বিরক্তিকর হয়ে ওঠে। প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। কথোপকথনের সূক্ষ্মতা গুরুত্বপূর্ণ। শুধু ক্লিকবেটের জন্য পুরো আলোচনাকে বিকৃত করা উচিত নয়।”
এ বার ছড়িয়ে পড়া ‘ডেটিং অ্যাপ’-এর প্রোফাইল নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি জ্যাকি বা রকুল। ফলে বিষয়টি নিয়ে যে জল্পনা চলছে, তার কোনওটিই এখনও নিশ্চিত তথ্য নয়।
উল্লেখ্য, ২০২৪ সালে গোয়ায় ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন রকুল এবং জ্যাকি। এর পর থেকেই বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসাবে পরিচিত তাঁরা। তাই এই ছড়িয়ে পড়া স্ক্রিনশট ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে।