বাংলা চলচ্চিত্রজগতে কয়েক দশকের অভিনয়জীবন তাঁর। বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। গত কয়েক বছরে তিনি আবার দক্ষ রাজনীতিকও হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি, তাঁর বেশ কিছু মন্তব্যে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তাঁর অনুরাগীরা। এরই মধ্যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও উঠেছে প্রশ্ন।
স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন রয়েছে অনুরাগীদের মনে। শোনা গিয়েছিল, তাঁরা নাকি আলাদা থাকেন। কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। অথচ ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, তাঁরা একই বাড়িতে কিন্তু আলাদা ঘরে থাকেন। এই ভাবেই নাকি শান্তিপূর্ণ সহাবস্থান খুঁজে নিয়েছেন তাঁরা। যদিও প্রকাশ্যে এই বিষয়ে তাঁরা কোনও কথা বলেননি। শোনা যাচ্ছে, এক বাড়িতে থাকলেও তাঁদের সম্পর্ক নাকি খুবই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে।
অন্যদিকে আলোচিত অভিনেত্রী নাকি মন দিয়েছেন প্রভাবশালী বিদেশি ব্যবসায়ীকে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই বিদেশি ব্যবসায়ীর টাকায় নায়িকার স্বামী নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনাও করে ফেলেছেন। তাই নাকি ইদানীং শহরের বাইরে যাতায়াতও বাড়িয়েছেন। যদিও সবকিছুই হচ্ছে চুপচাপ। ইতিমধ্যেই নতুন ধরনের ব্যবসার পরিকল্পনাও করে ফেলেছেন তাঁরা। তার জন্য নাকি উপরমহলের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মিটিং করার চেষ্টায় রয়েছেন অভিনেত্রীর স্বামী। চাকচিক্যের আড়ালে যে কখন কী ঘটে, সেই হদিস পাওয়া বেশ কঠিনই।