দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভুকে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকের। সম্প্রতি জীবনের এক গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা তুলে ধরেছেন নায়িকা। এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি এমন এক প্রতিযোগিতার দৌড়ে শামিল ছিলেন, যার আসলে কোনও শেষ ছিল না। অসুস্থতা এবং কাজ থেকে বিরতি নেওয়ার পরেই তিনি উপলব্ধি করেন যে, সেই দৌড় ছিল নিছক এক ‘ভ্রম’।
সাক্ষাৎকারে সমান্থা জানান, যখন তিনি শুরু করেছিলেন, সেই সময়ে সাফল্যের পিছনে ছুটতে ভীষণ আগ্রহী ছিলেন। তবে অসুস্থতার কারণে বড় বিরতি নিয়েছিলেন। তার পরেই তিনি বুঝতে পারেন, আসলে কোনও প্রতিযোগিতা বলে কিছু নেই, কাউকে হারানোরও প্রয়োজন নেই। তাঁর কথায়, “আমরা মনে করি একটা দৌড় চলছে, একটা ফিনিশিং লাইন আছে, কাউকে হারাতে হবে। কিন্তু পরে বুঝেছি, এগুলো সবই এক ধরনের ভ্রম।”
অভিনেত্রী জানান, ছোট শহরের এক সাধারণ মেয়ে হিসেবে হঠাৎ তারকাখ্যাতি পাওয়া তাঁর কাছে ছিল বিস্ময়কর অভিজ্ঞতা। দর্শকের ভালবাসা, প্রেক্ষাগৃহে তাঁর নাম ধরে উচ্ছ্বাস— সব কিছুই তাঁকে গভীর ভাবে প্রভাবিত করেছিল। সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে তাঁকে ‘স্টারডমের খেলায়’ আসক্ত করে তোলে।
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে তিনি একের পর এক ছবিতে কাজ করেছেন। এক সময় এমনও হয়েছে, এক বছরের মধ্যে তাঁর অভিনীত পাঁচটি ছবি পর পর বক্সঅফিসে সাফল্য পেয়েছে। ফলে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল ‘গোল্ডেন লেগ’-এর তকমা। সেই প্রত্যাশা পূরণ করার চাপও তিনি অনুভব করতেন।
আরও পড়ুন:
তবে এই সাফল্যের মাঝেই নিজের কাজের মূল্যায়ন করার সুযোগ হারিয়ে ফেলেছিলেন বলে স্বীকার করেছেন সমান্থা। তিনি অকপটে বলেন, এমন বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন, যেগুলো নিয়ে এখন তিনি গর্বিত নন। তখন তাঁর কাছে বক্সঅফিস সাফল্যই ছিল প্রধান মাপকাঠি। নিজের অভিনয় দক্ষতা কতটা উন্নত হচ্ছে, সিনেমায় তিনি কী অবদান রাখছেন কিংবা এক জন শিল্পী হিসেবে কতটা উন্নতি করছেন—এ সব প্রশ্ন তিনি নিজেকে খুব একটা করেননি।
বর্তমানে সমান্থার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে। তিনি মনে করেন, শুধুমাত্র সাফল্য বা জনপ্রিয়তার জন্য নয়, বরং শিল্পীসত্তার তৃপ্তির জন্য কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এখন তিনি কোনও দৌড়ে নেই, নেই কোনও কৃত্রিম ফিনিশিং লাইনের চাপও।