সলমন খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি ঘিরে আবার সমস্যা? প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হলেও পরে ছবির নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি’। চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। এখনও পর্যন্ত নতুন মুক্তির দিন ঘোষণা করেননি নির্মাতারা।
এরই মধ্যে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে, ছবির কিছু অংশ নাকি নতুন করে শুট করা হয়েছে। সূত্রের দাবি, ছবিতে ‘চিন’ শব্দের ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল নির্মাতাদের। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা ছবির টিমের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন:
এ বার নতুন করে সামনে এসেছে সেন্সরের ছাড়পত্র নিয়ে অনিশ্চয়তার খবর। শোনা যাচ্ছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) আপাতত ছবিটির ছাড়পত্র স্থগিত রেখেছে। তবে এই ব্যাপারে সরকারি তরফে এখনও কিছু জানানো হয়নি।
শোনা গিয়েছিল, স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে, অর্থাৎ অগস্টে ছবিটি মুক্তি পেতে পারে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়নি। একই সঙ্গে সেন্সর সংক্রান্ত জল্পনাও তাঁরা নিশ্চিত করেননি।
আরও পড়ুন:
ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে পরিচালক অপূর্ব লাখিয়া আগে জানিয়েছিলেন, এটি হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না। শুরু থেকেই ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘মাতৃভূমি’— দুই নামই নথিভুক্ত করা হয়েছিল। তাঁর কথায়, ছবিটি শুধু একটি যুদ্ধের গল্প নয়; বরং মানবিকতা, সহমর্মিতা এবং সীমান্তে কর্তব্যরত সেনাদের নীরব আত্মত্যাগের কাহিনি। সেই ভাবনাকেই আরও গভীরভাবে তুলে ধরে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নামটি। একই নামে ছবিতে একটি গানও রয়েছে, যা দর্শকের ভালবাসা পেয়েছে বলেও জানান পরিচালক।
এ দিকে, সলমনের অনুরাগীরা ছবিটির মুক্তির জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপাতত তাঁরা অপেক্ষায় সেন্সর-সংক্রান্ত জল্পনার অবসান কবে হয়!