Advertisement
E-Paper

প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে?

‘হরর কমেডি’ থেকে শুরু করে ‘থ্রিলার’— সব স্বাদের ছবি ও সিরিজ়ই রয়েছে এই সপ্তাহে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২
কী কী দেখবেন ওটিটি-তে?

কী কী দেখবেন ওটিটি-তে? ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে কেটে গিয়েছে নতুন বছরের প্রথম মাস। জানুয়ারি জুড়ে ছিল ওটিটি-তে নানা রকমের ওয়েব সিরিজ় ও ছবি। ফেব্রুয়ারিতেও রয়েছে নানা চমক। ‘হরর কমেডি’ থেকে শুরু করে ‘থ্রিলার’— সব স্বাদের ছবি ও সিরিজ়ই রয়েছে এই সপ্তাহে।

১) দ্য রাজা সাব: কিছু দিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। প্রভাস অভিনীত এই তেলুগু ছবিটি নিয়ে নানা জল্পনা ও আলোচনা হয়েছে। একজন অ্যালজ়াইমারের রোগীকে কেন্দ্র করে এই ছবি। রোগীকে দেখাশোনা করে প্রভাস অভিনীত চরিত্র ‘রাজা সাব’। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনন। জিয়োহটস্টারে এই ছবি মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি।

২) দ্য লিঙ্কন ল’ইয়ার (সিজ়ন ৪): প্রথম তিনটি সিজ়ন সমালোচক মহলে সাড়া ফেলেছিল। নতুন সিজ়নে রয়েছে ১০টি পর্ব। সিজ়ন ৩ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই সিজ়ন ৪-এর শুরু। আগের সিজ়নে দেখা গিয়েছিল মিকি হলারকে গ্রেফ্তার করা হয়েছে খুনের অভিযোগে। এই সিজ়নে দেখা যাবে, কী কী আইনি পদ্ধতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়। নেটফ্লিক্সে এই সিজ়ন ৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

৩) কোহরা (সিজ়ন ২): এই সিরিজ়ের প্রথম সিজ়নটি বিপুল সাড়া ফেলেছিল। পঞ্জাবের দালেরপুরা শহরের গল্প উঠে আসে সিরিজ়ে। প্রীত বাজওয়া নামে এক মহিলার নৃশংস হত্যারহস্য নিয়ে এই গল্প এগিয়েছিল। বরুণ সোবতি অভিনীত এই সিরিজ়ে অভিনয় করেছেন মোনা সিংহ, রণবিজয় সিংহ, পূজা ভমরা ও অনুরাগ অরোরাও। ১১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন।

৪) পরাশক্তি: প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে শিবকার্তিকেয়নের এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। তবে ছবিটি শেষপর্যন্ত সফল হয়নি। ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নেতিবাচক ভঙ্গিতে দেখানোর অভিযোগ উঠেছিল ‘পরাশক্তি’র বিরুদ্ধে। সেই ছবি এ বার ওটিটিতে। জ়ি-ফাইভে এই ছবি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।

৫) দ্য কনজিউরি: লাস্ট রাইট্‌স: ‘কনজিউরিং’ সিরিজ়ের এটি শেষ ছবি। ২০২৫-এর সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। ‘কনজিউরিং’-এর দর্শকের অভাব নেই। প্রথম ভাগটি সবচেয়ে সাড়া ফেলেছিল। তাই ওটিটি-তে এই ছবি দর্শক টানবে আশা করাই যায়। ১৩ ফেব্রুয়ারি জিয়োহটস্টারে মুক্তি পাবে এই ছবি।

OTT Prabhas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy