বৃহস্পতিবার, ছোটপর্দার ফলপ্রকাশের দিন। গোটা সপ্তাহে কোন ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নিল আর কোন কাহিনি দর্শকের পছন্দের তালিকায় রইল একেবারে শেষে! তা জানা যায় এই দিনেই। টিআরপি নম্বরের নিরিখে সবটা বোঝা যায়। গত কয়েক মাসের টিআরপি দেখে আন্দাজ করা যায়, পরশুরাম এবং তটিনীর কাহিনি নিজেদের জায়গা মোটামুটি পাকা করেছে দর্শকের মনে।
তাই তো এই সপ্তাহেও তালিকায় প্রথমে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার জুটি নিয়ে অনেক আলোচনাই হয়েছে। এখন নায়ক-নায়িকার সম্পর্ক মোড় নিয়েছে অন্য দিকে। সেটাও দর্শক বেশ উপভোগ করছে। এই সপ্তাহে ৫.৯ পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরিণীতা’। সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই রায়ান-পারুলকে নিয়ে আগ্রহ রয়েছে দর্শকের। আগের সপ্তাহে এই ধারাবাহিকের একটি বিশেষ পর্ব নিয়ে মাতামাতিও হয়েছিল প্রবল। কিন্তু এই সপ্তাহে তাদের টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে পরশুরাম। রায়ান-পারুল জুটি চলতি সপ্তাহে পেয়েছে ৫.৬।
আরও পড়ুন:
গত দু’সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকেরও নম্বর অনেকটাই বেড়েছে। উজি এবং নিশা—দুই বোনের গল্প নিয়ে বরাবরই কৌতূহল ছিল সবার। দুই বোনের সমীকরণের নতুন মোড়, সেই আগ্রহকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। ৫.৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই কাহিনি। ‘রাঙামতি তীরন্দাজ’-ও এই সপ্তাহে রয়েছে তৃতীয় স্থানে। তারাও পেয়েছে ৫.৫। গত দু’সপ্তাহ ধরে প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকটি। তাদের প্রাপ্ত নম্বর ৫.৩। নম্বরের নিরিখে এই সপ্তাহে তারা রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘কুসুম’। এই দুই ধারাবাহিকই পেয়েছে ৫.০। আগের চেয়ে বিদ্যার নম্বর কমলেও, কুসুমের নম্বর বেড়েছে। অনেক দিন পরে প্রথম পাঁচে নিজের জায়গা করে নিয়েছে কুসুম।