Advertisement
E-Paper

২৭ বছরের নিরাপত্তারক্ষীর তৎপরতায় রক্ষা রাম চরণ, জাহ্নবী কপূরের? কী ঘটেছে ছবির প্রচার অনুষ্ঠানে?

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, ওই ব্যক্তি সরাসরি রাম চরণের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দ্রুত পদক্ষেপ করেন অভিনেতার নিরাপত্তারক্ষী কেভিন কুন্টা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৩:৩৫
কী ঘটেছে রাম চরণ এবং জাহ্নবী কপূরের ছবির প্রচার অনুষ্ঠানে?

কী ঘটেছে রাম চরণ এবং জাহ্নবী কপূরের ছবির প্রচার অনুষ্ঠানে? ছবি: সংগৃহীত।

‘পিদ্দী’ ছবির শুটিংয়ের সময় থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি ছবির প্রচার অনুষ্ঠানে আবার ঘটল এক অস্বাভাবিক ঘটনা, যার জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা রাম চরণের নিরাপত্তারক্ষী। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ‘পিদ্দী’র একটি প্রচারমূলক অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। সেখানে রাম চরণ, জাহ্নবী কাপুর এবং পরিচালক বুচি বাবু সানা ভক্তদের সঙ্গে মতবিনিময় করছিলেন। সেই সময় হঠাৎই এক অনুরাগী নিরাপত্তাবলয় ভেঙে মঞ্চের সামনের আসনের দিকে ছুটে আসেন। সেখানেই বসেছিলেন জাহ্নবী ও রাম চরণ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, ওই ব্যক্তি সরাসরি রাম চরণের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পাশ থেকে চকিতে পদক্ষেপ করেন অভিনেতার নিরাপত্তারক্ষী কেভিন কুন্টা। তিনি মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে আটকে দেন এবং তাঁকে প্রায় এক হাতে তুলে নিয়ে শান্ত ভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে একটু দূরে নিয়ে যান। তাঁর এই তৎপরতা এবং পেশাদারিত্ব পেয়েছে বিপুল প্রশংসা। অনেকেই মন্তব্য করেছেন, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তিনি অতি দ্রুততার সঙ্গে বিষয়টি সামাল দিয়েছেন।

ঘটনার পর থেকেই কেভিনকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করে। কে এই ব্যক্তি? জানা গিয়েছে, কেভিন কুন্টার আসল নাম আবদৌ কাদির সাওয়ে। পশ্চিম আফ্রিকার গাম্বিয়ায় জন্ম তাঁর। বয়স মাত্র ২৭ বছর। এই যুবক পেশায় এক জন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটার। ফাইটার ডেটাবেস ট্যাপোলজির তথ্য অনুযায়ী, কেভিন বর্তমানে ইতালির ফ্লোরেন্সে প্রশিক্ষণ নেন এবং সেখান থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

‘মামা লামিন অব বারা’ নামেও পরিচিত কেভিন, যা গাম্বিয়া রেসলিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন নথিতেও উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি মার্শাল আর্টস জগতের সঙ্গে যুক্ত। তবে বর্তমানে রাম চরণের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy