দেখতে দেখতে কেটে গিয়েছে ছ’টা মাস। গত বছর ১৯ সেপ্টেম্বরে মৃত্যু হয়েছিল জ়ুবিন গার্গের। এখনও সেই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এর মধ্যেই এক সাক্ষাৎকারে জ়ুবিনের স্ত্রী গরিমা শইকীয়া জানালেন, গায়ক একটি বিষয়কেই শুধু ভয় পেতেন। এমনকি গরিমার ধারণা, জ়ুবিন নিজের মৃত্যুর আভাসও পেয়েছিলেন আগে।
সম্প্রতি সাক্ষাৎকারে গরিমাকে প্রশ্ন করা হয়, জ়ুবিন গার্গ কি কখনও কোনও কিছুকে ভয় পেতেন? তখন গরিমা বলেন, “ও কোনও কিছুকেই ভয় পেত না। তবে গত কয়েক বছর ধরে জ়ুবিন বলত, ‘আমার যদি কখনও কোনও কিছুকে ভয় লাগে, সেটা হল সময়।’ সে তার ঘড়ি দেখিয়ে বলত, ‘সময়কেই আমি ভয় পাই, আর কোনও কিছুকে নয়।’”
আরও পড়ুন:
কেন বার বার মৃত্যুর আগে সময়কে ভয় পাওয়ার কথা বলতেন, তা আজও অজানা গরিমার কাছে। তাঁর কথায়, “আমি জানি না, কেন ও এমন বলত। হয়তো ও ভিতর থেকে কোনও আভাস পেয়েছিল, অথবা ঈশ্বরের সঙ্গে কোনও অদ্ভুত যোগ অনুভব করেছিল।” এই ভাবনার নেপথ্যে একটি সম্ভাব্য কারণের কথাও বলেছেন জ়ুবিন। তাঁর মতে, “সম্ভবত এর কারণ হল, ও অল্প সময়ের মধ্যেই ওর মা, বোন এবং সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিল। খুব কম সময়ে এতজন প্রিয় মানুষকে হারানো এবং জীবনে এত ঘটনা ঘটার অভিজ্ঞতার জন্য সময়কে ভয় পেত হয়তো।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জ়ুবিনের। তবে এই মৃত্যু দুর্ঘটনা না কি কোনও ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে।