সমাজমাধ্যম মানেই নিত্যনতুন ট্রেন্ড। কখনও ত্বকচর্চা, কখনও কেশচর্চা, কখনও আবার স্বাস্থ্যচর্চার দাবিতে নানা রকমের টোটকার প্রচার চলে। তেমনই সদ্য একটি কৌশলের কথা বলছেন নেটাগরিকেরা। তা হল, ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’। নতুন এই টোটকা এখন ইনস্টাগ্রামে ঝড় তুলেছে। হজমক্ষমতা উন্নত করা, ঘুমের মান উন্নত করা থেকে সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখার জন্য এই ট্রেন্ড অনুসরণ করছেন অনেকে।
কী এই ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’?
নাভির উপর তেল মাখা কাপড় বা প্যাচ লাগিয়ে রাতভর রেখে দেওয়ার এই পন্থার নামই ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’। অনলাইনে একাধিক প্ল্যাটফর্মে এমন প্যাচ পাওয়া যাচ্ছে। দাম প্রায় ৩০০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। এই সহজ পদ্ধতিতেই নাকি পেটফাঁপা কমবে, হজম ভাল হবে, এমনকি শরীর থেকে দূষিত পদার্থও বেরিয়ে যাবে— এমন দাবিও করা হচ্ছে। কিন্তু বাস্তবটা কি সত্যিই এতটা সহজ?
অনলাইনে একাধিক প্ল্যাটফর্মে এমন প্যাচ পাওয়া যাচ্ছে। ছবি: সংগৃহীত
লোকের বিশ্বাস, এই ট্রেন্ডের নেপথ্যে আসলে পুরনো আয়ুর্বেদিক ধারণার ছায়া রয়েছে। সেখানে নাভিকে শরীরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়, যা হজম ও শক্তির সঙ্গে যুক্ত। সেই ধারণা থেকেই তৈরি হয়েছে এই বেলি প্যাচ সংস্করণ। যেখানে ক্যাস্টর অয়েল ভেজানো কাপড় নাভির উপর রেখে দেওয়া হয় কয়েক ঘণ্টা বা সারা রাত। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, নাভিতে ক্যাস্টর অয়েল মেখে রাখলে কোষ্ঠকাঠিন্য, প্রদাহ, ঋতুস্রাব সংক্রান্ত ব্যথাও কমে যায়। কিন্তু এই বিশ্বাসের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলি চিকিৎসা হিসাবে ব্যবহার করা যায় না। তবে চিকিৎসার সহায়ক পন্থা হিসেবে প্রয়োগ করা যেতে পারে।
তবে ক্যাস্টর অয়েল মাখার অন্যান্য কিছু উপকারিতা অবশ্যই রয়েছে। ত্বকের জন্য ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে এই তেল। ক্যাস্টর অয়েল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে, ব্রণের প্রদাহ কমায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি বলিরেখা দূর করে, ঠোঁটফাটার সমস্যা কমায়, রোদেপোড়া থেকে ত্বককে রক্ষা করে। তা ছাড়া তেল মালিশ করলে খানিক আরাম মিলতে পারে। কিন্তু ত্বক এমনভাবে তৈরি যে বাইরে থেকে প্রয়োগ করা তেল সহজে শরীরের ভিতরের অঙ্গ পর্যন্ত পৌঁছোতে পারে না। তাই নাভিতে তেল লাগিয়ে হজমপ্রক্রিয়া বা হরমোনের উপর সরাসরি প্রভাব পড়ার কোনও প্রমাণ নেই।
কী ভাবে এই টোটকা প্রয়োগ করবেন?
যদি ত্বকের স্বাস্থ্যরক্ষা এবং স্বস্তির জন্য ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’ ব্যবহার করতে চান, তা হলে একটি পাত্রে ১-২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিয়ে তাতে নরম কাপড় বা তুলো ভিজিয়ে নিন। এ বার সেটি নাভিতে চেপে ধরে রাখুন বেশ খানিক ক্ষণ। কিংবা কোনও পাতলা ফিতের সাহায্যেও কাপ়়ড়টিকে পেটে বেঁধে নিতে পারেন। ১-২ ঘণ্টা রেখে সরিয়ে ফেলতে পারেন।