সাড়ে ৩৪ লক্ষ টাকার বাতিল নোট বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস। দু’জনকে আটক করে জেরা করছেন আয়কর অফিসাররা।
পুলিশ সূত্রে খবর, বুধবার বদরপুর থেকে একটি গাড়িতে ৫০০, ১ হাজার টাকার প্রচুর নোট মিজোরাম যাচ্ছে বলে খবর আসে। আইজলের কাছে লেংপুই রোডে গাড়িটিকে আটকানো হয়। তল্লাশি চালিয়ে মেলে টাকা। গাড়ি, টাকা সহ দু’জনকে শিলচর নিয়ে আসা হয়। ব্যাগটিতে ছিল ৩০ লক্ষ টাকার ৫০০ টাকার নোট এবং সাড়ে ৪ লক্ষ টাকার ১ হাজারের নোট। আটক দু’জনের নাম সোয়াম থাঙ্গা ও স্টিফেন কিমা। বাড়ি মিজোরামের আইজলে। প্রাথমিক জেরায় তাঁরা জানান, বদরপুর থেকে এক ব্যক্তি ব্যাগটি তাদের গাড়িতে তুলে দিয়েছে। আইজল থেকে ব্যাগটি কেউ সংগ্রহ করার কথা। ব্যাগে টাকা রয়েছে বলে তাঁরা জানতেন না। ফলে ব্যাগের দাতা-গ্রহীতার নামও জানার চেষ্টা করেননি। অসম রাইফেলস বা আয়কর অফিসারদের অনুমান, কালো টাকা নিয়ে ধৃতেরা আইজলে যাচ্ছিলেন। মিজোরামে আয়করের সমস্যা নেই বলে তারা ওই টাকা নিজেদের অ্যাকাউন্টে জমা করে দিতেন। জেরা পর্ব শেষ না হওয়া পর্যন্ত সরকারি ভাবে কেউ মুখ খুলছেন না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার মালিকের খোঁজ চলছে।