E-Paper

রাজ্যসভা ভোটকে ঘিরে বিজেডি-কংগ্রেস নৈকট্য

পশ্চিমবঙ্গের পাঁচটি আসন-সহ রাজ্যসভার মোট ৩৭টি আসনে ১৬ মার্চ নির্বাচন রয়েছে। এর মধ্যে পাশের রাজ্য ওড়িশার চারটি আসনে নির্বাচন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৯:১৩
সংসদে রাহুল গান্ধী।

সংসদে রাহুল গান্ধী। ফাইল চিত্র।

মহারাষ্ট্রে শরদ পওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মহারাষ্ট্রে বিজেপি রাজ্যসভায় সাতটির মধ্যে সাতটি আসনই ছিনিয়ে নিতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছে।

ওড়িশায় কংগ্রেস ও বিজু জনতা দলের বিরোধ কাজে লাগিয়ে বিজেপি একই ভাবে চারটির মধ্যে তিনটি আসন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। সেটা ঠেকাতে এ বার নবীন পট্টনায়েকের বিজু জনতা দল ও কংগ্রেস কাছাকাছি এসেছে। বিজু জনতা দলের মনোনীত প্রার্থী, ভুবনেশ্বরের চিকিৎসক দত্তেশ্বর হোতাকে রাজ্যসভা নির্বাচনে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

পশ্চিমবঙ্গের পাঁচটি আসন-সহ রাজ্যসভার মোট ৩৭টি আসনে ১৬ মার্চ নির্বাচন রয়েছে। এর মধ্যে পাশের রাজ্য ওড়িশার চারটি আসনে নির্বাচন। বিজেপি নিজের বিধায়ক সংখ্যার জোরে দু’টি আসন জিততে পারে। নবীন পট্টনায়েকের বিজু জনতা দল বা বিজেডি একটি। বিজেডি আজ দলের নেতা সন্ত্রুপ্ত মিশ্র ও ভুবনেশ্বরের চিকিৎসক দত্তেশ্বর হোতাকে প্রার্থী ঘোষণা করেছে। মিশ্র দলের বিধায়কদের ভোটের জোরেই জিতে যাবেন। দত্তেশ্বরকে জেতাতে বিজু জনতা দলের সঙ্গে কংগ্রেস হাত মিলিয়েছে।

বিজেপি ইঙ্গিত দিয়েছিল, দলের দু’টি আসন জেতার ক্ষমতা থাকলেও তিনটি আসনে প্রার্থী দেবে। ওড়িশার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভক্তচরণ দাস এর পরেই সক্রিয় হয়ে নবীনের সঙ্গে যোগাযোগ করেন। ভক্তচরণের অভিযোগ, ‘‘বিজেপি ঘোড়া কেনাবেচার খেলায় নামার পরিকল্পনা করছে।’’ কংগ্রেসের একটি সূত্রের দাবি, মধ্যপ্রদেশের এক প্রবীণ নেতা নবীনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুবাদে বোঝাপড়া করিয়ে দেওয়ার দায়িত্ব নিতে চেয়েছিলেন। তার বিনিময়ে নিজের জন্য রাজ্যসভার আসন চাইছেন।

মহারাষ্ট্রে এ বার রাজ্যসভার সাতটি আসনে নির্বাচন। কংগ্রেস, শরদের এনসিপি, উদ্ধবের শিবসেনা—তিন দলের একজন করে সাংসদ ছিলেন। কিন্তু এ বার তিন বিরোধী দল এককাট্টা হলে একটিই আসন পাবে। বাকি ছ’টি আসনই বিজেপি তথা এনডিএ-র ঝুলিতে যাবে। শরদ পওয়ারের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। পঁচাশিতে পা দেওয়া পওয়ার সংসদীয় রাজনীতি থেকে অবসর নেবেন বলে শোনা যাচ্ছিল। তাঁর কন্যা সুপ্রিয়া সুলে জানিয়েছেন, দলের নেতা-কর্মীরা চাইছেন, পওয়ার ফের রাজ্যসভায় যান। এ দিকে উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের বক্তব্য, বিধানসভায় তাঁদের শক্তি সবথেকে বেশি। তাই রাজ্যসভা আসন তাঁদের পাওয়া উচিত। কংগ্রেসের প্রবীণ নেতা বালাসাহেব থোরাট রাজ্যসভায় যেতে আগ্রহী। তবে পওয়ার রাজ্যসভায় আসতে চাইলে কংগ্রেস হাইকমান্ড তাঁকে সমর্থন জানাতে পারে। শর্ত থাকবে, শরদ পওয়ারের এনসিপি অজিত পওয়ারের এনসিপি-র সঙ্গে মিশে গিয়ে এনডিএ-তে যোগ দিতে পারবে না। এই পরিস্থিতিতে বিরোধীদের একাংশের ভোট ভাঙিয়ে মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সপ্তম আসন ছিনিয়ে নিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

অন্য দিকে ভোটমুখী তামিলনাড়ুতে ছ’টি রাজ্যসভা আসনে নির্বাচন। এর মধ্যে চারটি শাসক দল ডিএমকে পাবে। বিধানসভা ভোটে ডিএমকে-কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে দর কষাকষি চলছে।

সূত্রের খবর, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন কংগ্রেসকে একটি রাজ্যসভা আসন ছেড়ে দিতে রাজি হয়েছেন। তবে তার বিনিময়ে কংগ্রেসকে ডিএমকে-র প্রস্তাব মতো বিধানসভার ২৭-২৮টি আসন নিয়ে ৬ মার্চের মধ্যে রাজি হতে হবে বলে তিনি শর্ত দিয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJD Congress Rahul Gandhi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy