E-Paper

নিট প্রশ্নপত্র ফাঁস রুখতে সেনার সাহায্য চান ধর্মেন্দ্র

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রশ্নপত্র নিরাপদ ভাবে এক স্থান থেকে অন্যত্র আনা-নেওয়া করতে সেনার সাহায্য নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৭:৪৪
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির মূল্যায়নকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, আজ তার যাবতীয় দায় নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। চলতি মাসে নিট-এ গন্ডগোলের পরে এ বার সিবিএসই-র মূল্যায়ন বিতর্কের জন্য দায় নিতে বাধ্য হলেন ধর্মেন্দ্র। শিক্ষামন্ত্রীর ঘন ঘন দায় নেওয়া দেখে প্রশ্ন উঠেছে, আসন্ন মন্ত্রিসভার সম্প্রসারণে ধর্মেন্দ্রর কুর্সি আদৌ থাকবে তো। এই জল্পনার মধ্যেই ২১ জুন ফের হতে চলা ডাক্তারির অভিন্ন পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র যাতে আর ফাঁস না হয়, তার জন্য সেনার সাহায্য নিতে চলেছে শিক্ষা মন্ত্রক।

এ বার দ্বাদশের মূল্যায়নে নতুন অনস্ক্রিন মার্কিং পদ্ধতি (ওএসএম) ব্যবহার করার সিদ্ধান্ত নেয় সিবিএসই। নতুন পদ্ধতির কারণে ফলাফলের পরেই বহু সংখ্যক পড়ুয়া কাঙ্ক্ষিত নম্বর পাননি বলে সরব হন। প্রায় ১৮ লক্ষ পড়ুয়া ভুক্তভোগী হওয়া সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব, তা নিয়ে কাল প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার চব্বিশ ঘণ্টার মধ্যে ওএসএম সংক্রান্ত বিতর্কের জন্য দায় গ্রহণ করে ধর্মেন্দ্র বলেন, “আমি এর দায় নিচ্ছি। সব ঠিক হয়ে যাবে।” ধর্মেন্দ্র জানান, বর্তমানে খাতা পুনর্মূল্যায়নের কাজ চালু রয়েছে। তাতেই সব ভুল শুধরে নেওয়া হবে। তিনি বলেন, “তদন্তে যদি কোনও রকম অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠে, তা হলে কেউ রেহাই পাবে না।”

এ বার অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে খাতা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল সিওইএমপিটি নামে সংস্থাকে। অতীতে তাদের বিরুদ্ধে একই ধরনের গন্ডগোল ঘটানোর অভিযোগ থাকা সত্ত্বেও কেন ফের তাদের দায়িত্ব দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল। ওই বরাত দেওয়ার পিছনে দুর্নীতির সম্ভাবনাও উস্কে দেন তিনি। আজ রাহুলকে পাল্টা আক্রমণ শানিয়ে ধর্মেন্দ্র বলেন, “একাধিক নির্বাচনে পরাজয়ের ফলে রাহুল হতাশার শিকার। উনি ডিজিটাল ইন্ডিয়া নীতি, এসআইআর প্রক্রিয়া, এমনকি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছেন। আসলে রাহুল ভারতের বিজ্ঞানভিত্তিক উন্নতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না।”

ধর্মেন্দ্রের আক্রমণের জবাবে আজ ফের মুখ খুলেছেন রাহুলও। সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতেই পারেন। কিন্তু আপনার দোষ তাতে চাপা পড়বে না। সাড়ে আঠারো লক্ষ পড়ুয়ার হয়ে প্রশ্ন করা থেকেও আমাকে আটকাতে পারবেন না!” কেন অতীতে একই ধরনের গন্ডগোল পাকানো সংস্থাকে পড়ুয়াদের মূল্যায়নের দায়িত্ব দেওয়া হল, ফের সেই প্রশ্ন তুলে রাহুল বলেন, “হয় আপনি সংস্থার অতীত ইতিহাস খতিয়ে দেখেও তাদের এই দায়িত্ব দিয়েছিলেন, অথবা আপনি খতিয়ে দেখেনইনি। দু’টি পরিস্থিতিতেই আপনি দোষী।” মোদীর ভূমিকার সমালোচনা করে রাহুলের মন্তব্য, “প্রধানমন্ত্রী যদি পড়ুয়াদের কথা ভাবতেন, তা হলে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনাকে (ধর্মেন্দ্রকে) অনেক আগেই বরখাস্ত করতেন।”

এ দিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফের যাতে ফাঁস না হয়, তার জন্য আজ সেনাবাহিনীর সাহায্য চান ধর্মেন্দ্র। এ নিয়ে কথা বলতে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন ধর্মেন্দ্র ও শিক্ষা মন্ত্রকের পদস্থ কর্তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রশ্নপত্র নিরাপদ ভাবে এক স্থান থেকে অন্যত্র আনা-নেওয়া করতে সেনার সাহায্য নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে প্রশ্ন ছাপা, সেগুলিকে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার প্রতিটি পর্বেও নজরদারি রাখবে সেনা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Dharmendra Pradhan Indian Army

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy