Advertisement
E-Paper

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধারকাজ

উদ্ধারকারীরা দ্রুত অথচ খুব সাবধানে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ২১:৪৪
Five-storey building collapsed in South Delhi\\\\\\\'s Mehrauli

দিল্লিতে ভেঙে পড়া সেই বহুতল। ছবি: পিটিআই।

হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ল দিল্লির এক বহুতল। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির মেহরৌলি এলাকার একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে। আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় দিল্লির সইদুল আজাব এলাকার একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দমকল সূত্রে খবর, রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ছ’টি ইঞ্জিন।

উদ্ধারকারীরা দ্রুত অথচ খুব সাবধানে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধ্বংসস্তূপের নীচে আর কত জন আটকে রয়েছে, তা জানা এখনও সম্ভব হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাও। প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতলটি ভেঙে পড়ার আগে একটি বিকট শব্দ শোনা যায়। এবং মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বহুতলটি। ধুলোয় ভরে যায় এলাকা। ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।

কী ভাবে বহুতলটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধারকাজই এখন অগ্রাধিকার। পরে বিষয়টি তদন্ত করে দেখা হবে। ওই বহুতল কত দিনের পুরনো, নতুন করে কোনও নির্মাণ হচ্ছিল কি না— সব বিষয়ই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Building Collapse Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy