Advertisement
E-Paper

আত্মীয়দের সঙ্গে নৈশভোজের পর মুম্বইয়ে রহস্যজনক ভাবে মৃত্যু একই পরিবারের চার জনের! খাদ্যে বিষক্রিয়া? তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন আবদুল্লা দোকারিয়া, তাঁর স্ত্রী নাসিম, তাঁদের দুই কন্যা আয়েষা এবং জ়াইনাব। রবিবার সকালে চার জনের মৃত্যু হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৪
পরিবারের সঙ্গে আবদুল্লা দোকারিয়া। ছবি: সংগৃহীত।

পরিবারের সঙ্গে আবদুল্লা দোকারিয়া। ছবি: সংগৃহীত।

আত্মীয়দের সঙ্গে নৈশভোজ সেরেছিল দক্ষিণ মুম্বইয়ের একটি পরিবার। কিন্তু নৈশভোজের কয়েক ঘণ্টা পরই ওই পরিবারের চার জনের মৃত্যু হয়। কী ভাবে মৃত্যু তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন আবদুল্লা দোকারিয়া, তাঁর স্ত্রী নাসিম, তাঁদের দুই কন্যা আয়েষা এবং জ়াইনাব। রবিবার সকালে চার জনের মৃত্যু হয়। মুম্বই জ়োন ১-এর ডেপুটি পুলিশ কমিশনার প্রবীণ মুন্ডে জানিয়েছেন, শনিবার রাতে দোকারিয়া তাঁর বাড়িতে পাঁচ আত্মীয়কে নিমন্ত্রণ করেন। সেই দলে দোকারিয়ার ভাই এবং বোনও ছিলেন। ন’জন মিলে রাত সাড়ে ১০টা নাগাদ খাওয়াদাওয়া সারেন। তার পর আত্মীয়েরা চলে যান।

পুলিশ জানিয়েছে, দোকারিয়ার আত্মীয়েরা একটি তরমুজ এনেছিলেন। যদিও তাঁরা সেই তরমুজ রাতে খাননি। কিন্তু দোকারিয়া এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান রাত দেড়টা নাগাদ ওই তরমুজ খান। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাৎই সকলের বমি শুরু হয়। তার পর শারীরিক অবস্থা খারাপ হতে পরিবারের অন্য সদস্যেরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন তাঁদের সকলের মৃত্যু হয়। এই ঘটনার পর পুলিশ পাঁচ আত্মীয়ের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেন। কিন্তু তাঁদের মধ্যে কোনও উপসর্গ ধরা পড়েনি। ফলে রাতে যে খাবার সকলে মিলে খেয়েছিলেন, সেটা থেকে কোনও বিষক্রিয়া হয়নি বলে মনে করছে পুলিশ। মৃত্যুর আগে দোকারিয়ার বয়ান রেকর্ড করে পুলিশ। তিনি জানিয়েছিলেন ঘুমোতে যাওয়ার আগে তরমুজ খেয়েছিলেন তাঁরা। ঘর থেকে উদ্ধার হওয়া তরমুজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, তরমুজে কোনও বিষাক্ত কিছু ছিল। যার জেরেই এই ঘটনা। তবে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

Food Poisoning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy