Advertisement
E-Paper

ছিল স্ট্রেট, হয়ে গেল কোঁকড়ানো! একটি উপাদানেই চুলের ধরন পাল্টে যাবে রাতারাতি, শেখালেন সোনাক্ষী

চুলের ঢং বদলে ফেলার কৌশলের সন্ধান দিলেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিংহ। শাশুড়ির থেকে শেখা সেই টোটকা প্রয়োগ করে তার ফলাফলও প্রকাশ করেছেন নিজের ইউটিউব ভ্লগে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:২২
সোনাক্ষী সিংহের চুলের কায়দা।

সোনাক্ষী সিংহের চুলের কায়দা। ছবি: সংগৃহীত।

চুল কখনও সোজা একঢাল নেমে আসে পিঠের উপর। কখনও আবার ঢেউখেলানো হয়ে যায়। কখনও বা চুল হয়ে যায় কোঁকড়া। যখন যেমন প্রয়োজন। রোজ নায়িকাদের চরিত্রের প্রয়োজনে চুলের ঢং বদলাতে হয়। আর তার জন্য প্রয়োজন হয় তাপের। তা সে স্ট্রেটনার হোক বা কার্লার হোক। কিন্তু তাতে চুলের ক্ষতি হতে থাকে ধীরে ধীরে। কিন্তু এমনও কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যার সাহায্যে চুলের ধরন পাল্টে যেতে পারে তাপ প্রয়োগ না করেই।

সেই সন্ধান দিলেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিংহ। শাশুড়ির কাছ থেকে শেখা সেই টোটকা প্রয়োগ করে তার ফলাফলও প্রকাশ করেছেন নিজের ইউটিউব ভ্লগে। দেখে চমকে গিয়েছেন অনুগামীরা। কেবল একটি উপকরণেই এমন সুন্দর কোঁকড়ানো ভাব আসতে পারে বলে দাবি সোনাক্ষীর। আর তা হল, তিসির বীজ।

সোনাক্ষী সিংহের কেশচর্চা।

সোনাক্ষী সিংহের কেশচর্চা। ছবি: ইউটিউব

তিসির বীজ দিয়ে তৈরি জেল সহজেই চুলে কার্ল আনতে পারে বলে জানিয়েছেন বলি তারকা। তা ছাড়া এটি তৈরি করা যায় সহজে, খরচও কম, আবার চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও নয়। আর তাই অনেকের কাছে এটি হয়ে উঠেছে আকর্ষণীয় এক কৌশল।

কী ভাবে প্রয়োগ করবেন?

১ টেবিল চামচ তিসির বীজ এক ২ কাপ জলে দিয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় ২০ মিনিট পরে জল ধীরে ধীরে ঘন হতে শুরু করবে। উপরের দিকে ফোম তৈরি হবে। তখনই গ্যাস থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। ঠান্ডা হলে হালকা জেলির মতো একটি মিশ্রণ পাওয়া যাবে। সেটি পরিষ্কার পাত্রে রেখে ঠান্ডা করতে হবে। তার পর গোটা মাথায় মেখে দু’টি বিনুনি করে নিতে হবে। সোনাক্ষী সারা রাত সেটা রেখে পরের দিন চুল খুলে দেখা দেখালেন, আশ্চর্য বদল এসে গিয়েছে তাতে। সোজা স্ট্রেট করা চুলে কার্ল এসে গিয়েছে।

তবে কোনও ঘরোয়া উপাদানই সবার ক্ষেত্রে একই রকম ফল দেয় না। কারও চুলে তিসির জেল দারুণ কাজ করতে পারে, আবার কারও ক্ষেত্রে বিশেষ পরিবর্তন না-ও দেখা যেতে পারে। মাথার ত্বক অত্যন্ত স্পর্শকাতর হলে বা অ্যালার্জির প্রবণতা থাকলে আগে অল্প অংশে পরীক্ষা করে নেওয়া ভাল।

Sonakshi Sinha Hairstyles
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy