Advertisement
E-Paper

রুক্ষ চুলে জেল্লা ফিরবে ৩০ মিনিটে, কেরাটিন ট্রিটমেন্ট করুন ঘরেই, রইল কিছু পদ্ধতি

সালোঁয় গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই। তা ঘরেও করে নেওয়া যায় রাসায়নিকযুক্ত ক্রিম বা জেল ছাড়াই। কী ভাবে করতে হয়, শিখে নিন পদ্ধতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৩৯
Here are some natural keratin hair masks easily prepare at home

চুলের কেরাটিন ট্রিটমেন্ট ঘরে কী ভাবে করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

এক ঢাল চুল পেতে একটা সময়ে নারকেল তেলই ভরসা ছিল। এখন চুলের নানা শৌখিন থেরাপি এসে গিয়েছে। রোদের তাপে, বাইরের ধুলো-ময়লায় শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া চুলে চটজলদি জেল্লা ফেরাতে এই ধরনের হেয়ার ট্রিটমেন্ট অনেকেই করান। তা ছাড়া তারকাদের দেখাদেখি এখন শৌখিন হেয়ার ট্রিটমেন্ট করানোর হিড়িক পড়ে গিয়েছে কমবয়সিদের মধ্যেও। তাতেই উঠে এসেছে হেয়ার বোটক্স, কেরাটিন ট্রিটমেন্টের মতো নানা রকম থেরাপির নাম।

কেরাটিন হল এমন একটি প্রোটিন, যা চুলে থাকেই। চুলের কেরাটিন ট্রিটমেন্টের সময়ে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম হল ফর্ম্যালডিহাইড। এই রাসায়নিকটি থেকে ক্যানসারের ঝুঁকি থাকে। তার উপর এই ধরনের থেরাপিতে তাপ ব্যবহার করা হয়, যা চুলের প্রোটিনের গঠন নষ্ট করে দেয়। সাময়িক ভাবে এই ট্রিটমেন্টগুলি চুলের জেল্লা ফিরিয়ে আনে ঠিকই, তবে বার বার করালে চুলের স্বাস্থ্যেরই ক্ষতি হবে। চুল আরও বেশি উঠতে শুরু করবে। তাই সালোঁয় গিয়ে একগাদা টাকা খরচ করে রাসায়নিক দেওয়া কেরাটিন ট্রিটমেন্ট করানোর বদলে, ঘরেই তা করে নিতে পারেন। ঘরোয়া কিছু উপকরণই যথেষ্ট।

ঘরে কী ভাবে কেরাটিন ট্রিটমেন্ট করাবেন?

বেঁচে যাওয়া ভাত দিয়ে

ভাত যতটা বেঁচেছে তার থেকে খানিকটা নিয়ে নিন। এ বার তার সঙ্গে ২ চা চামচের মতো নারকেলের দুধ মেশান। তাতে যোগ করুন ডিমের সাদা অংশ এবং অলিভ তেল। সব উপকরণগুলি খুব ভাল করে মিশিয়ে নিন। চাইলে মিক্সারেও ঘন মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এ বার এই মিশ্রণ চুলের আগা থেকে ডগা অবধি ভাল করে লাগিয়ে নিতে হবে। মাস্ক লাগানোর পরে ৪০-৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।

ডিমের খোলা দিয়ে

ডিমের খোলা ক্যালশিয়ামে ভরপুর। চুলের গোড়া মজবুত করতে ক্যালশিয়ামই সবচেয়ে আগে দরকার হয়। চুলের গোড়ায় মেলানিন রঞ্জকের উৎপাদন বাড়াতে পারে ক্যালশিয়াম। একই সঙ্গে কেরাটিন প্রোটিন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। এক চামচের মতো ডিমের খোসা চূর্ণের সঙ্গে ২ চা চামচের মতো নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করে ৩৫-৪০ মিনিট অপেক্ষা করুন। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে এক দিন এই প্যাক ব্যবহার করলে চুল লম্বা হবে।

ঢেঁড়স ও কর্নফ্লাওয়ার

৫-৬টি ঢেঁড়স, ১ চামচ কর্নফ্লাওয়ার, কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে নিন। ঢেঁড়স কুচিয়ে ১ কাপ জলে সেদ্ধ করুন যত ক্ষণ না জল আঠালো হচ্ছে। এ বার সেই জল ছেঁকে নিয়ে তাতে সামান্য জলে গোলা কর্নফ্লাওয়ার মিশিয়ে হালকা আঁচে নাড়ুন। মিশ্রণটি ঘন হয়ে ক্রিমের মতো হলে নামিয়ে তেল মিশিয়ে নিন। ঠান্ডা করে চুলে লাগান ৪০ মিনিটের জন্য। তার পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে পার্লারের মতোই চুলের জেল্লা বাড়বে।

Keratin Treatment Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy