সাজ সম্পূর্ণ করতে কেশসজ্জা গুরুত্বপূর্ণ। ভিড়ের মাঝে অন্যের নজর কাড়তে পারবেন কি না, তা অনেকটা নির্ভর করে আপনার চুলের সাজের উপর। চুল খুলে রাখতেই বেশি পছন্দ করেন অনেকে। এক ঢাল খোলা চুল সৌন্দর্য বাড়িয়ে তোলে, সে কথা মিথ্যা নয়। তবে সৌন্দর্য আরও একটু ধারালো করে তুলতে শান দেওয়া প্রয়োজন। খোলা চুল যদি ঢেউখেলানো দেখতে লাগে, তা হলে তো কথাই নেই। ছবির প্রিমিয়ার কিংবা প্রচার— বলি পাড়ার নায়িকারা প্রায়ই চুল খোলা রাখেন। তাঁদের ঢেউ খেলানো ঘন চুল সত্যিই নজর কাড়ে। তবে নায়িকাদের চুলে বেশির ভাগ সময় তাপ বা রকমারি যন্ত্রের সাহায্যে হেয়ার স্টাইল করা হয়। অথচ কিছু কৌশল মানলে তাপ প্রয়োগ না করেই নায়িকাদের মতো ঢেউখেলানো চুলে নজর কাড়তে পারেন।
১) সিঁথিতে বদল: সব সময় এক দিকেই সিঁথি করেন? একই ভাবে রোজ সিঁথি করলে চুল পেতে যায়। চুলের সিঁথি অন্য দিকে করলেই এক নিমেষে চুল বেশ ঘন দেখায়। সিঁথি উল্টে চিরুনি দিয়ে একটু ব্যাক ব্রাশ করে নিলেই ঘন দেখাবে চুল।
২) রাতে ঢিলে খোঁপা করে ঘুমোন: সকালে যদি কোনও রকম ঝক্কি ছাড়াই চুলে ঘন দেখাতে চান, তা হলে রাতে একটা ছোট কাজ করে ফেলতে হবে। চুলে ভলিউমাইজ়িং স্প্রে ব্যবহার করে উঁচু করে খোঁপা বেঁধে শুয়ে পরুন। খুব আঁটোসাঁটো করে খোঁপা করবেন না। ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর আগে চুল খুললে দেখবেন, চুল অনেকটাই ঘন আর ঢেউখেলানো দেখাচ্ছে।
৩) ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন: কেবল চুলের তেলতেলে ভাব কমাতে নয়, চুল ঘন দেখানোর জন্যেও ড্রাই শ্যাম্পু দারুণ কাজের। চুলের গোড়ায় খানিকটা দূর থেকে ড্রাই শ্যাম্পু স্প্রে করে তার পর হাত দিয়ে মালিশ করে নিলেই কোনও রকম তাপ প্রয়োগ না করেই চুল ঘন দেখাবে।