Advertisement
E-Paper

সাজের দুনিয়ায় ‘স্মার্ট ক্যাজ়ুয়াল’ বলতে কী বোঝানো হয়? পোশাক বিধিতে লেখা থাকলে কেমন সাজবেন?

স্মার্ট এবং ক্যাজ়ুয়াল— সাজগোজের দুনিয়ায় এই দু’টি শব্দ মোটেই অচেনা নয়। কিন্তু ওই দুটি শব্দ মিলে গেলেই বিভ্রান্ত হন অনেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৩২

ছবি: সংগৃহীত।

কোনও ভাল রেস্তরাঁয় যাবেন। ইন্টারনেটে সেই রেস্তরাঁর ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে জানলেন, সেখানে সব রকম পোশাক পরে যাওয়া যায় না। রেস্তরাঁয় প্রবেশের জন্য পোশাক বিধি রয়েছে। আর সেই বিধি বলছে, অতিথিদের ‘স্মার্ট ক্যাজ়ুয়াল’ পরে আসতে হবে। কিন্তু ‘স্মার্ট ক্যাজ়ুয়াল’ বলতে ঠিক কী রকম পোশাকের কথা বলা হয়?

স্মার্ট এবং ক্যাজ়ুয়াল— সাজগোজের দুনিয়ায় এই দু’টি শব্দ মোটেই অচেনা নয়। কিন্তু ওই দুটি শব্দ মিলে গেলেই বিভ্রান্ত হন অনেকে। সোজা কথায়, ‘স্মার্ট ক্যাজ়ুয়াল’ হল এমন পরিধান, যা খুব বেশি আনুষ্ঠানিক বা জমকালো নয়। অর্থাৎ দেখে যেন মনে না হয় যে অফিসে এসেছেন। আবার ওই পোশাক খুব বেশি ঢিলেঢালা বা ঘরোয়া ধরনের হলেও চলবে না। মোট কথা, পোশাক এমন হবে যাতে আরামদায়ক ভাব বজায় রাখার পাশাপাশি মার্জিত বোধও ফুটে উঠবে।

কী ধরনের পোশাক পরবেন?

পুরুষদের ক্ষেত্রে— ভাল ফিটিংসের চিনোস বা গাঢ় রঙের জিন্‌স এর সঙ্গে কলার দেওয়া শার্ট বা পোলো টি-শার্ট পরা যেতে পারে। হালকা ব্লেজার বা ক্যাজ়ুয়াল জ্যাকেট গায়ে দিলেও সাজে চটজলদি একটি ‘স্মার্ট’ ভাব চলে আসে। পায়ে স্নিকার্সের বদলে লোফার বা ক্যাজ়ুয়াল চামড়ার জুতো পরাই শ্রেয়।

মহিলাদের ক্ষেত্রে— বিকল্প অনেক। মিড-লেংথ ড্রেস, স্কার্ট কিংবা লিনেন বা সুতির কুর্তি-প্যান্ট হতে পারে আদর্শ। জিন্‌স পরতে চাইলে তার সঙ্গে একটি মার্জিত টপ এবং শ্রাগ বা সুতির ব্লেজার পরে নেওয়া যায়। হিল জুতো পরতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই, ফ্ল্যাট স্যান্ডেল বা জুতিও সমান আকর্ষণীয় দেখাবে। চাইলে শাড়িও পরতে পারেন। তবে তার সঙ্গে সাধারণ ব্লাউজ় না পরে ফিটেড টপ বা শার্ট পরতে পারেন। গলায় পরতে পারেন অক্সিডাইজ়়ড বা রুপোর কোনও স্টেটমেন্ট গয়না।

কী পরবেন না?

ছেঁড়া জিন্‌স, জিম বা খেলার পোশাক, চটি এবং অতিরিক্ত চকমকে বা বিয়েবাড়ির মতো পোশাক পরবেন না।

কোন বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন?

স্মার্ট ক্যাজ়ুয়াল পোশাকের মূল মন্ত্র হলো—পোশাকটি যেন পরিষ্কার, ইস্ত্রি করা এবং সঠিক মাপের হয়। এর সঙ্গে একটি ভাল গয়না বা একটি স্মার্ট হাতঘড়ির অনুষঙ্গেই সাজ বদলে যাবে। তাই কোনও পার্টি বা রেস্তরাঁর ড্রেস কোড-এ যদি দেখেন ‘স্মার্ট ক্যাজ়ুয়াল’ , তবে অতিরিক্ত চিন্তা না করে নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই এবং স্বস্তিদায়ক পোশাকটিই বেছে নিন।

Dress Code Dress Code Tips Fashion Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy