Advertisement
E-Paper

শাহিদ কপূর থেকে অনুরাগ কাশ্যপ! হুমার ‘প্রেমিকের’ দীর্ঘ তালিকায় নাম রয়েছে পরিচালক থেকে ক্রিকেটারেরও

বলিপাড়া সূত্রে খবর, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই বিয়ে করার কথা হুমা কুরেশির। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়দের নিমন্ত্রণ জানাবেন অভিনেত্রী। তার পর মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২২
Huma Qureshi
০১ / ২১

কখনও তাঁর নাম জড়িয়েছে বলি অভিনেতার সঙ্গে, কখনও আবার ভারতীয় ক্রিকেটারের সঙ্গে। ‘প্রেমিকের’ দীর্ঘ তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন বলিপাড়ার বহু পরিচালকও। সেই বলি অভিনেত্রী অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন! চলতি বছরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলি অভিনেত্রী হুমা কুরেশি।

Huma Qureshi
০২ / ২১

বলিপাড়া সূত্রে খবর, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই বিয়ে করার কথা হুমার। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়দের নিমন্ত্রণ জানাবেন অভিনেত্রী। তার পর মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করবেন। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকবেন ইন্ডাস্ট্রির সকলে। গোপনে বিয়ের প্রস্তুতিও নাকি নিতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

Huma Qureshi and Rachit Singh
০৩ / ২১

বলিউডের গুঞ্জন, রচিত সিংহ নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন হুমা। বলি অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা প্রিয় বান্ধবী হুমার। ২০২৪ সালের জুনে সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে হুমার সঙ্গে দেখা গিয়েছিল রচিতকে। শোনা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন দু’জনে।

Huma Qureshi and Rachit Singh
০৪ / ২১

বলিউডের অধিকাংশের দাবি, আমেরিকায় ঘুরতে গিয়ে হুমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রচিত। বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর সেখানেই আংটিবদলের অনুষ্ঠান হয়ে গিয়েছিল অভিনেত্রীর। তার পর একাধিক বার মুম্বইয়ের বিমানবন্দরে হুমা-রচিতকে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা।

Rachit Singh
০৫ / ২১

রচিত পেশায় অ্যাক্টিং কোচ। আলিয়া ভট্ট, ভিকি কৌশল, রণবীর সিংহের মতো বলি তারকাদের অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ২০২৪ সালে ওটিটির পর্দায় ‘কার্মা কলিং’ নামের একটি ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছিল। সেই সিরিজ়ের মাধ্যমে ক্যামেরার সামনে অভিনয়ে হাতেখড়ি রচিতের।

Huma Qureshi and Rachit Singh
০৬ / ২১

২০২৫ সালের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় হরর-কমেডি ঘরানার ছবি ‘থামা’। সেই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় রচিতকে। ‘থামা’র হাত ধরে বড়পর্দায় প্রথম অভিনয় রচিতের। ছবিটির প্রিমিয়ারে রচিতের সঙ্গে দেখা গিয়েছিল হুমাকেও। কানাঘুষো শোনা যায়, দু’-তিন বছর ধরেই রচিতের সঙ্গে গোপনে সম্পর্কে রয়েছেন হুমা।

Huma Qureshi
০৭ / ২১

বলিউডের নামকরা পরিচালক থেকে শুরু করে প্রযোজক, অভিনেতা— হুমার ‘প্রেমিকের’ তালিকায় অনেকের নাম রয়েছে। শোনা যায়, এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই তালিকায় নাম ছিল বলিউডের এক খানেরও।

Huma Qureshi
০৮ / ২১

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অভিনয়ে কেরিয়ার শুরুর আগে মনোজ তানওয়ার নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন মনোজ। ২০০৭ সালে মনোজের সঙ্গে সম্পর্ক ছিল হুমার। কিন্তু সেই সম্পর্ক কোনও কারণে দীর্ঘস্থায়ী হয়নি। অভিনয়জগতে পা রাখার আগেই মনোজের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাঁর।

Huma Qureshi
০৯ / ২১

বলিউডের জনশ্রুতি, পেশা হিসাবে অভিনয়কে বেছে নেওয়ার আগে আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হুমা। মনোজের সঙ্গে বিচ্ছেদের পর ইব্রাহিম আনসারি নামে এক তরুণকে ডেট করতে শুরু করেছিলেন তিনি। দিল্লির ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম। ২০০৮ সালে হুমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্কও ভেঙে গিয়েছিল অভিনেত্রীর।

Arjan Bajwa
১০ / ২১

বলিপাড়ার গুঞ্জন, অভিনয়জীবন শুরুর সময়েই বলি অভিনেতা অর্জন বাজওয়ার সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল হুমার। ২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ অভিনেত্রীর। সেই সময় থেকেই অর্জনের সঙ্গে মুম্বইয়ের বিভিন্ন রেস্তরাঁয় সময় কাটাতে দেখা যেতে থাকে হুমাকে।

Arjan Bajwa
১১ / ২১

শোনা যেতে থাকে, হুমা এবং অর্জন ডেট করছিলেন। প্রকাশ্যে যদিও সে কথা কেউই স্বীকার করেননি। গুঞ্জন, তাঁদের সম্পর্কের আয়ু খুব বেশি দিনের ছিল না। কয়েক মাসের মধ্যেই অভিনেতার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল হুমার।

Huma Qureshi and Anurag Kashyap
১২ / ২১

অর্জনের সঙ্গে বিচ্ছেদের পর ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল হুমার। ব়ড়পর্দায় হুমাকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন অনুরাগ। পেশাগত সূত্রে পরিচালকের সঙ্গে পরিচয় হলেও পরে সেই বন্ধুত্ব নাকি আরও গাঢ় হতে শুরু করেছিল।

Huma Qureshi and Anurag Kashyap
১৩ / ২১

২০১১ সালে অনুরাগকে বিয়ে করেছিলেন বলি অভিনেত্রী কল্কি কেকলাঁ। চার বছর সংসারের পর ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কানাঘুষো শোনা যেতে থাকে, হুমার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণেই নাকি কল্কি এবং অনুরাগের দাম্পত্যে চিড় ধরেছিল। পরে অবশ্য হুমা এবং অনুরাগ দু’জনেই স্পষ্ট করে জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে বন্ধুত্ব ছা়ড়া অন্য কোনও সম্পর্ক নেই।

Shahid Kapoor
১৪ / ২১

২০১৩ সালের মাঝামাঝি সময় থেকে শোনা যেতে থাকে যে, বলি অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন হুমা। মুম্বই এবং গোয়ার বিভিন্ন জায়গায় ঘুরতেও যাচ্ছেন তাঁরা। শাহিদ এবং হুমা গোপনে ডেট করছেন, সেই খবর বলিপাড়ায় ছড়িয়ে পড়ে। পরে অবশ্য শাহিদ জানিয়ে দিয়েছিলেন, হুমার সঙ্গে তাঁর মাত্র দু’বার সাক্ষাৎ হয়েছে। সম্পর্কের কথা পুরোটাই রটনা।

Abhishek Chaubey
১৫ / ২১

২০১৪ সালে অভিষেক চৌবের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেড় ইশকিয়া’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় হুমাকে। জনশ্রুতি, এই ছবির শুটিংয়ের সময় হুমা এবং অভিষেকের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সম্পর্কেও নাকি জড়িয়ে পড়েছিলেন দুই তারকা।

Huma Qureshi
১৬ / ২১

বলিউডের একাংশের দাবি, ‘দেড় ইশকিয়া’ ছবিতে বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে বাদ দিয়ে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব হুমাকে দিয়েছিলেন অভিষেক। কিন্তু পরিচালকের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, এ সম্পূর্ণ অসত্য।

Huma Qureshi with Sohail Khan
১৭ / ২১

২০১৬ সালে সলমন খানের পরিবারের মালিকানাধীন ক্রিকেট দল ‘মুম্বই হিরোজ়’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন হুমা। সেই সময় থেকেই সোহেল খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর ছড়াতে থাকে। শোনা যেতে থাকে, হুমার কেরিয়ারে সাহায্য করার পাশাপাশি তাঁকে নাকি দামি উপহারও দিতেন সোহেল। খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে হুমাকে নিয়মিত দেখা যেত।

Sohail Khan with his ex-wife Seema Sajdeh
১৮ / ২১

হুমার সঙ্গে সোহেলের সম্পর্কের গুঞ্জন এতই জোরালো হয়ে উঠেছিল যে, সোহেল এবং তাঁর তৎকালীন স্ত্রী সীমা সাজদেহের মধ্যে দূরত্বের জন্যও হুমাকে দায়ী করা হয়েছিল। একাংশের দাবি, সোহেল এবং হুমার সম্পর্কের কারণেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সীমা।

Huma Qureshi
১৯ / ২১

পরে হুমা ক্ষোভপ্রকাশ করে সমাজমাধ্যমের পাতায় লিখেছিলেন, সোহেল খান আমার বড় ভাইয়ের মতো। দয়া করে এই ধরনের নোংরা গুজব ছড়ানো বন্ধ করুন। সীমাও সেই সময় হুমার প্রসঙ্গে প্রকাশ্যে জানিয়েছিলেন যে, অভিনেত্রী তাঁদের পারিবারিক বন্ধু।

Huma Qureshi with Mudassar Aziz
২০ / ২১

বলিউডের ছবিনির্মাতা মুদস্সর অজীজের সঙ্গেও নাম জড়িয়েছিল হুমার। শোনা যায়, ২০১৯ সাল থেকে পরিচালকের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। বলিউডের বিভিন্ন পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যেত। বলিপাড়ার গুঞ্জন, তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু ব্যক্তিগত মতভেদের পার্থক্যের জন্য সম্পর্ক ভেঙে গিয়েছিল হুমা এবং মুদস্সরের।

Huma Qureshi with Shikhar Dhawan
২১ / ২১

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ডবল এক্সএল’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন হুমা। সেই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটার শিখর ধওয়ানকে। সেই সময় হুমা এবং শিখরের কয়েকটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁদের নিয়ে জল্পনা শুরু হয়। হুমা যে ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা নিয়ে জলঘোলা হতে শুরু করে। পরে অবশ্য দু’জনেই জানান যে, তাঁদের মধ্যে পেশাগত বন্ধুত্ব ছাড়া অন্য ধরনের সম্পর্ক নেই।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy