বিয়ের কিছু দিনের মধ্যেই মা হওয়ার খবর, ‘নিয়ম’ ভেঙে চমকে দিয়েছেন এই নায়িকারা
নয়নতারা থেকে আলিয়া ভট্ট, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঠিক পরেই সন্তান জন্ম দিয়ে দর্শকমহলকে চমকে দিয়েছেন এই নায়িকারা।
৯ অক্টোবর, রবিবার সন্তানের জন্ম দিলেন দক্ষিণী সিনেমাজগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সমাজমাধ্যমে যমজ সন্তান-সহ মায়ের ছবি প্রকাশ্যে আসায় ভালবাসা এবং শুভেচ্ছাবার্তার ঝড় বয়ে যায়।
চলতি বছরেরই ৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন নয়নতারা এবং বিঘ্নেশ। দক্ষিণী ছবির পরিচালক বিঘ্নেশের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন। জানা যায়, সন্তানসম্ভবা অবস্থাতেই বিয়ে করেছিলেন নয়নতারা।
৬ অক্টোবর, বৃহস্পতিবার সাধের অনুষ্ঠান পালন করা হল রণলিয়ার মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে। খুব তাড়াতাড়ি কপূর পরিবারে নতুন অতিথি নিয়ে আসছেন বলিউডের এই দুই তারকা।
চলতি বছরের এপ্রিল মাসেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। প্রণয়ের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ানোর কিছু দিনের মধ্যেই সুখবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন বলিউডের ‘ডিভা’ দিয়া মির্জা। মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
আরও পড়ুন:
একই বছরের মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন দিয়া। বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসায় অবাক হন সকলেই। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল।
বলিউডের ‘চকোলেট বয়’ শাহিদ কপূর ২০১৫ সালের ৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন।
২০১৬ সালের অগস্ট মাসে মীরা তাঁর প্রথম সন্তানের জন্ম দেন।
২০১৮ সালের মে মাসে অঙ্গদ বেদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা ধুপিয়া। সেই বছরের নভেম্বর মাসেই প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
আরও পড়ুন:
২০২১ সালের অক্টোবর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন নেহা।
২০২০ সালে কুণাল বর্মার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বিয়ের ঠিক পরেই তিনি অভিনয় জগৎ থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন।
কানাঘুষো শোনা যাচ্ছিল, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই বছরের অক্টোবর মাসেই পূজার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আসে।