Advertisement
E-Paper

ধ্বংস থাড, এফ-৩৫ থেকে অত্যাধুনিক রেডার! ‘এলাম-দেখলাম-জয় করলাম’ থেকে আমেরিকার মুখে এখন ‘আর করব না’

ইরানের সঙ্গে লড়াইয়ে একের পর এক যুদ্ধাস্ত্র হারিয়ে ‘বেকায়দায়’ পড়েছে আমেরিকা। ইতিমধ্যেই কয়েক লক্ষ কোটি উবে গিয়েছে ওয়াশিংটনের। তেহরানের সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কাছে হার মানছে যুক্তরাষ্ট্র? উঠছে প্রশ্ন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৯:৪১
Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০১ / ২০

খুনে ব্যাটিংয়ে ইনিংস শুরু। কিন্তু, মিডল অর্ডারে নামল ধস। শুধু তা-ই নয়, সম্মান নিয়ে খেলোয়াড়েরা সাজঘরে ফিরতে পারবেন কি না, তাই নিয়েই এখন উঠছে প্রশ্ন। বিশ্বের তাবড় সামরিক বিশ্লেষকদের কাছে ক্রিকেটীয় পরিভাষায় এটাই ইরান বনাম আমেরিকা ও ইজ়রায়েল যুদ্ধের ধারাবিবরণী! দুই ‘সুপার পাওয়ার’কে নাকের জলে চোখের জলে করে ছেড়েছে সাবেক পারস্যের শিয়া ফৌজ।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০২ / ২০

দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের চতুর্থ সপ্তাহে পা দেওয়া ইস্তক যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের ধ্বংস হয়েছে দু’ডজনের বেশি লড়াকু জেট। এ ছাড়া আমেরিকার চারটি ‘টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স’ বা থাড আকাশ প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ব্যবস্থা এবং কাতারে মোতায়েন কয়েক কোটি ডলারের এএন/এফপিএস-১৩২ ব্লক ৫ আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রেডার উড়িয়েছে ইরান।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৩ / ২০

এ ছাড়া যুদ্ধের মধ্যেই ‘অকেজো’ হয়ে পড়েছে অত্যাধুনিক মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। ফলে লোহিত সাগর থেকে সংশ্লিষ্ট যুদ্ধজাহাজটিকে গ্রিসের বন্দরে সরানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দফতরের (ডিপার্টমেন্ট অফ ওয়ার) সদর কার্যালয় পেন্টাগন। পশ্চিমি গণমাধ্যমগুলির একাংশের দাবি, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে ওই রণতরীতে আগুন ধরে যায়। যদিও এই বিষয়ে ‘তদন্ত চলছে’ গোছের দায়সারা বিবৃতি দিয়েছে আমেরিকা।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৪ / ২০

যুক্তরাষ্ট্র ও ইহুদিদের যৌথ আক্রমণ ভোঁতা করে দিয়ে যে কায়দায় ইরানি ফৌজ প্রত্যাঘাত শানাচ্ছে তার ভূয়সী প্রশ‌ংসা করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তেহরানের রণকৌশল ‘ডি-কোড’ করতে নেমে একটি দিকেই নজর গিয়েছে তাঁদের। সেটা হল, তুলনামূলক ভাবে সস্তা এবং উদ্ভাবনী হাতিয়ারের সাহায্যে আমেরিকার কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হচ্ছে সাবেক পারস্যের শিয়া ফৌজ, যা ‘খেলা ঘোরাচ্ছে’ পশ্চিম এশিয়ার রণাঙ্গনে।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৫ / ২০

কতগুলি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। ইরান যুদ্ধে এমকিউ-৯ রিপার ড্রোনের বহুল ব্যবহার করছে মার্কিন ফৌজ। এই পাইলটবিহীন যানগুলির এক একটির দাম ৫ কোটি ৬৫ লক্ষ ডলার। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ১২টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, লড়াইয়ের প্রথম চার সপ্তাহে শুধুমাত্র এই যুদ্ধাস্ত্রটির ধ্বংস বাবদ আমেরিকার লোকসানের অঙ্ক ৫০ কোটি ডলার ছাপিয়ে গিয়েছে।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৬ / ২০

গত ২ মার্চ কুয়েতের আকাশে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ ইগল লড়াকু জেট। এর ঠিক ১০ দিনের মাথায় (পড়ুন ১২ মার্চ) ইরাকে কেসি-১৩৫ নামের জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্কার বিমানকে উড়িয়ে দেয় ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ বা আইআরজিসি। তাতে নিহত হন ছয় ক্রু সদস্য। পরে আমেরিকার আরও একটি কেসি-১৩৫ বিমান গুলি করে নামায় তেহরান। সংশ্লিষ্ট উড়ন্ত ট্যাঙ্কারগুলির নির্মাণখরচ সাত-আট কোটি ডলার বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of USIran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৭ / ২০

অন্য দিকে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা বোয়িংয়ের তৈরি এফ-১৫ ইগল জেটগুলির দাম ৯-৯.৭ কোটির মধ্যে ঘোরাফেরা করে। এতে যুদ্ধাস্ত্র সংযুক্ত করলে অতিরিক্ত দিতে হবে ১০-১৫ কোটি ডলার। গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্রের গর্বের প়ঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে বসে আইআরজিসি। যদিও তা অস্বীকার করেছে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড ‘সেন্টকম’।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৮ / ২০

মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫কে বিশ্বের অন্যতম সেরা পঞ্চম প্রজন্মের লড়াকু জেট বলা যেতে পারে। যুদ্ধবিমানটির উল্লম্ব ভাবে ওঠানামা করার ক্ষমতা রয়েছে। এর এক একটির দাম ৮০-১২৫ কোটি ডলার। তার সঙ্গে আবার যুক্ত হবে একাধিক ক্ষেপণাস্ত্র। এ-হেন এফ-৩৫কে এখনও পর্যন্ত কোনও লড়াইয়ে খোয়াতে হয়নি আমেরিকাকে। সংশ্লিষ্ট লড়াকু জেটটি কোনও রেডারে ধরা পড়ে না বললেই চলে।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
০৯ / ২০

‘সেন্টকম’-এর দাবি, যুদ্ধের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-৩৫কে জরুরি অবতরণ করাতে হয়েছে। জেটটির পাইলট স্থিতিশীল রয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের এই মন্তব্য ঘিরে বাড়ছে ধোঁয়াশা। সাবেক সেনাকর্তাদের একাংশ মনে করেন, ইরানের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এফ-৩৫র একটি ডানা। এর জেরে কোনও মতে জেট নিয়ে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান পাইলট।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১০ / ২০

আমেরিকার ব্যয়বহুল সামরিক সরঞ্জাম নির্মাণ কর্মসূচিগুলির একটি হল এফ-৩৫ লাইটনিং টু। এই যুদ্ধবিমানটির পিছনে এখনও পর্যন্ত দু’লক্ষ কোটি ডলার খরচ করে ফেলেছে পেন্টাগন। এর একাধিক শ্রেণিবিভাগ রয়েছে। মার্কিন বায়ুসেনার পাশাপাশি বিমানবাহী রণতরীতেও মোতায়েন থাকে এই জেট। প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন এখনও পর্যন্ত এফ-৩৫-এর প্রায় ১,৩০০ ইউনিট তৈরি করেছে বলে জানা গিয়েছে।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১১ / ২০

ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের জেট ধ্বংসের চেষ্টা সত্যি হলে বিরল কৃতিত্ব অর্জন করবে ইরান। তবে লড়াইয়ের মধ্যে পেন্টাগনের উদ্বেগ বাড়িয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়া। এ বছরের ফেব্রুয়ারি থেকে লোহিত সাগরে মোতায়েন ছিল ওই যুদ্ধজাহাজ। গত ১২ মার্চ হঠাৎই তাতে আগুন লেগে যায়। ফলে তড়িঘড়ি ফোর্ডকে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা উপসাগরের নৌসেনা ঘাঁটিতে সরিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১২ / ২০

‘সেন্টাকম’-এর দাবি, বিমানবাহী রণতরীর লন্ড্রি রুম থেকে ছড়িয়ে পড়ে আগুন। যদিও সে কথা মানতে নারাজ অনেক সামরিক বিশ্লেষকই। তাঁদের অনুমান, অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। পাশাপাশি, প্রকাশ্যে এসেছে অন্তর্ঘাতের তত্ত্বও। ফলে এ ব্যাপারে তদন্তে নেমেছে পেন্টাগন। পরমাণু শক্তিচালিত জেরাল্ড আর ফোর্ড নির্মাণে ১,৩৩০ কোটি ডলার খরচ করেছে আমেরিকা।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৩ / ২০

পশ্চিমি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধে টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টর রকেট বহুল পরিমাণে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এর প্রতিটির আনুমানিক দাম ১০-৩০ লক্ষ ডলার। অন্য দিকে, মাত্র ৮-১০ লক্ষ ডলার খরচ করে এক একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। অস্ত্রনির্মাণে ব্যয়বরাদ্দের এই বৈষম্যই পশ্চিম এশিয়ার লড়াইয়ে আমেরিকার ‘গলার কাঁটা’ হয়ে উঠছে, বলছেন বিশ্লেষকেরা।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৪ / ২০

তেহরানের দাবি, সস্তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কাতারে মোতায়েন উপসাগরীয় এলাকায় আমেরিকার সবচেয়ে শক্তিশালী রেডার ব্যবস্থাকে উড়িয়েছে আইআরজিসি। সংশ্লিষ্ট রেডারটির পোশাকি নাম ‘এএন/এফপিএস-১৩২’। যুক্তরাষ্ট্রের জন্য সেটা পশ্চিম এশিয়ায় চোখ ও কানের কাজ করছিল বললে অত্যুক্তি হবে না। রেডারটির পাল্লা ৫,০০০ কিলোমিটার এবং আনুমানিক মূল্য ১১০ কোটি ডলার বলে জানা গিয়েছে।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৫ / ২০

সাবেক সেনাকর্তাদের একাংশ মনে করেন, যে গতিতে লড়াইয়ের তীব্রতা বাড়ছে তাতে অচিরেই ইহুদি ও আমেরিকার অস্ত্রের ভাঁড়ারে পড়বে টান। ইরানের এই সমস্যা কম। কারণ, ঘরের মাটিতেই ‘দামে কম মানে ভাল’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে তারা। শুধু তা-ই নয়, তেহরানের কাছে আছে ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র-শহর’ (মিসাইল সিটি)। ফলে প্রয়োজনে আরব দুনিয়ায় আরও বড় কাণ্ড ঘটনার সক্ষমতা রয়েছে আইআরজিসির।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৬ / ২০

আমেরিকা ও ইজ়রায়েলে প্রত্যাঘাত শানাতে শাহেদ ড্রোনে ভরসা রেখেছে ইরান, যার খরচ মেরেকেটে ৩০-৫০ হাজার ডলার। এর সাহায্যে পশ্চিম এশিয়ার একাধিক মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে নির্ভুল আক্রমণ শানিয়েছে তেহরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’। এর মধ্যে অন্যতম হল বাহরিনের নৌসেনা ছাউনি। সেখানে শাহেদ আছড়ে পড়ার পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৭ / ২০

ইরান যুদ্ধের খরচখরচা নিয়ে ইতিমধ্যেই একটি রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ়’ (সিএসআইএস)। তাদের দাবি, লড়াইয়ের প্রথম ছ’দিনে শুধুমাত্র গোলা-বারুদের নিরিখে ১,২০০ কোটি ডলার ব্যয় করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই অঙ্ককে ১,১৩০ কোটি ডলার বলে দেখিয়েছে পেন্টাগন। অর্থাৎ, দিনে ২০০ কোটি ডলারের সমরাস্ত্র তেহরানের উপর প্রয়োগ করছে আমেরিকা।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৮ / ২০

আর তাই পশ্চিম এশিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে ইতিমধ্যেই মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কাছে ২০ হাজার কোটি ডলার বরাদ্দের আবেদন পাঠানোর পরামর্শ দিয়েছে পেন্টাগন। সেই টাকায় হাতিয়ারের উৎপাদন বৃদ্ধি করা হবে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ দফতরের এক পদস্থ কর্তা। ইরান যুদ্ধের অন্য বিপজ্জনক দিকটিও নজর এড়াচ্ছে না তাঁদের।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
১৯ / ২০

মার্কিন সামরিক বিশ্লেষকদের দাবি, পশ্চিম এশিয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কমছে আমেরিকার, যেটা চিন এবং রাশিয়ার মতো মহাশক্তিধর দেশগুলির মোকাবিলার পক্ষে ঝুঁকিপূর্ণ। জাপান বা দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) মতো প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলির ঘাঁটিগুলিতে এফ-৩৫ জেট মোতায়েন রেখেছে ওয়াশিংটন। এর ধ্বংসশক্তি ইরান পেয়ে গেলে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ বাড়বে, তাতে কোনও সন্দেহ নেই।

Iran’s low-cost strikes exposed trillion-dollar flaws by destroying 16 Jets, THAAD, F-35 of US
২০ / ২০

তবে এর উল্টো যুক্তিও রয়েছে। ইজ়রায়েলি থিঙ্ক ট্যাঙ্ক আলমা রিসার্চ সেন্টারের তথ্য উদ্ধৃত করে ‘দ্য টাইমস’ লিখেছে, সংঘাত শুরুর আগে ইরানের অস্ত্রভান্ডারে ২৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। কিন্তু সেই সংখ্যাটা বর্তমানে এক হাজারে নেমে এসেছে। সে কারণে অচিরেই রণকৌশল বদলাতে পারে তেহরান।

ছবি: সংগৃহীত ও এআই সহায়তায় প্রণীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy