দেশের অন্যতম সেরা পোলো খেলোয়াড়, ২০ হাজার কোটি টাকার মালিক! বিদেশিনির ‘প্রেমে’ ডুবে রয়েছেন তরুণ মহারাজা
ভারতীয় পোলো দলের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন জয়পুরের মহারাজা। ২০১৭ সালে হার্লিংহাম পার্কে পোলো খেলায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ৭০ বছরে প্রথম বার কোনও ভারতীয় দল সেই খেলায় অংশগ্রহণ করেছিল।
৩০০ বছরের পুরনো রাজপ্রাসাদে বাস। উত্তরাধিকার সূত্রে ২০,০০০ কোটি টাকার মালিকানা। তবে, তিনি পোলো খেলোয়াড় হিসাবেও অধিক জনপ্রিয়। গুঞ্জন শোনা যাচ্ছে, সম্প্রতি এক বিদেশিনিকে মন দিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে জয়পুরের প্রাসাদেই থাকছেন মহারাজের ‘প্রেমিকা’।
১৯৯৮ সালের জুলাইয়ে জন্ম মহারাজা সওয়াই পদ্মনাভ সিংহের। জয়পুর রাজপরিবারের ৩০৩তম উত্তরাধিকারী তিনি। পদ্মনাভকে ভালবেসে অনেকেই ‘পাচো’ নামে সম্বোধন করেন।
পদ্মনাভের মা দিব্যাকুমারী ছিলেন জয়পুরের রাজকন্যা। মহারাজা ভবানী সিংহের কন্যা। কিন্তু সেই রাজকন্যাই প্রেমে পড়েছিলেন মহারাজার কর্মচারীর সন্তানের। রাজা ভবানী সিংহের কর্মচারীর পুত্র নরেন্দ্র সিংহকে বিয়ে করেছিলেন দিব্যাকুমারী। রাজপরিবারের আদরের কন্যার বিয়ে ঘিরে বিতর্কও কম হয়নি।
দিব্যাকুমারী বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করলে তাঁকে রাজপরিবার থেকে বিচ্যুত করা হয়। পরে অবশ্য তাঁর সন্তান পদ্মনাভকে দত্তক নেন ভবানী সিংহ। ২০০২ সালে দৌহিত্রকেই নিজের সব সম্পত্তির উত্তরাধিকারী ঘোষণা করেন তিনি। তখন পদ্মনাভের বয়স মাত্র ৪ বছর।
২০১১ সালে ভবানী সিংহের মৃত্যু হয়। তখনও পদ্মনাভ নাবালক। তাই তখন বিশাল সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পড়েছিল পদ্মনাভের দিদিমা পদ্মিনী দেবীর উপর। ১৮ বছর বয়সে পা দেওয়ার পর জয়পুর রাজবংশের ঐশ্বর্যের উত্তরাধিকারী হন পদ্মনাভ।
আরও পড়ুন:
অজমেরের কলেজ থেকে পড়াশোনা করার পর পদ্মনাভ উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন লন্ডনে। পরবর্তী কালে নিউ ইয়র্ক এবং রোম থেকে শিল্পকলার ইতিহাস নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করে আবার জয়পুরে ফিরে আসেন তিনি।
জয়পুর রাজপরিবারের সন্তান পদ্মনাভ এক জন নামী পোলো খেলোয়াড়। পড়াশোনার পাশাপাশি তিনি সমান তালে চালিয়ে গিয়েছেন পোলো খেলাও। ভারতীয় পোলো দলের হয়ে বিশ্বমঞ্চেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৭ সালে হার্লিংহাম পার্কে পোলো খেলায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ৭০ বছরে প্রথম বার কোনও ভারতীয় দল সেই খেলায় অংশগ্রহণ করেছিল।
গুঞ্জন শোনা যায়, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ‘গডসন’ পদ্মনাভ। তাঁদের পরিবারের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি, যুবরাজ হ্যারি এবং উইলিয়ামের সঙ্গেও মাঝেমধ্যে পোলো খেলে সময় কাটাতেন পদ্মনাভ।
পোলো খেলার পাশাপাশি পদ্মনাভের আরও একটি শখ বেড়াতে যাওয়া। ফ্যাশনের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। ইটালির মিলানে নামকরা ফ্যাশন শোয়ে হেঁটেছিলেন তিনি। বিশ্বের প্রথম সারির পোশাকশিল্পীদের অনেকেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু।
আরও পড়ুন:
রাজপরিবারের রীতিনীতি অনুসারে বিভিন্ন ধরনের জনসেবার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন পদ্মনাভ। রাজপ্রাসাদের একটি অংশ পর্যটকদের থাকার জন্য খোলা রেখেছেন তিনি। সেখান থেকে যা আয় হয়, তা দান করে দেন পদ্মনাভ।
‘গোলাপি শহর’ জয়পুরের সিটি প্যালাসের মূল প্রাসাদে থাকেন পদ্মনাভ। তা ছাড়াও সুজান রাজমহল প্যালেস এবং রাম নিবাসে তাঁর জন্য সাজানো রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত মহল।
বর্তমানে পদ্মনাভের সর্ব ক্ষণের সঙ্গী এক বিদেশিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, এই বিদেশিনির সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। তরুণীর নাম ক্লেয়ার ডেরু। পদ্মনাভের দীর্ঘ দিনের বান্ধবী তিনি।
২০১৭ সালে প্যারিসে আয়োজিত বিশ্বের অন্যতম অভিজাত সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন পদ্মনাভ এবং ক্লেয়ার। জয়পুরের সিটি প্যালেসে আয়োজিত বিভিন্ন রাজকীয় উৎসব, যেমন দোল, দীপাবলি বা পোলো ম্যাচগুলোয় ক্লেয়ারকে নিয়মিত দেখা যায়। পদ্মনাভের বোন গৌরবীকুমারীর সঙ্গেও বিশেষ সখ্য রয়েছে তাঁর।
জয়পুরের সঙ্গে পাঁচ বছর বয়স থেকেই নাকি যোগ রয়েছে ক্লেয়ারের। তবে সে বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। প্যারিস থেকে ‘আর্ট অ্যান্ড ডিজ়াইন’ নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
ক্লেয়ার গয়না নকশা করে উপার্জন করেন। পাশাপাশি তিনি পেশাদার ফ্যাশন পরামর্শদাতা। বর্তমানে তিনি পদ্মনাভের সঙ্গে জয়পুর সিটি প্যালেসেই থাকেন। তবে বিদেশিনির সঙ্গে মহারাজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন রাজপরিবারের সদস্যেরা।