বাজার জুড়ে আমের গন্ধ ম ম করছে। বাজারের থলিতে এখন আর কিছু থাকুক বা না-ই থাকুক আম কিন্তু থাকবেই। সকালে জলখাবারে হোক বা রাতের খাবারের সঙ্গে— আম চাই-ই চাই। এই আম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিজ় কেক। নাম শুনলেই মনে হতে পারে, বানানো বড়ই মুশকিল কাজ। তবে খুব সহজে, কোনও রকম অভেনের ব্যবহার ছা়ড়াই বানিয়ে ফেলতে পারেন ম্যাঙ্গো চিজ় কেক। রইল প্রণালী।
উপকরণ:
২০-২৫টি ডাইজেস্টিভ বিস্কুট
৩/৪ কাপ মাখন
দেড় কাপ ক্রিম চিজ়
১ কাপ আমের ক্বাথ
দেড় কাপ হুইপ্ড ক্রিম
৩/৪ কাপ গুঁড়ো চিনি
১টি আম
১ টেবিল চামচ আগর আগর পাউডার
আরও পড়ুন:
প্রণালী:
প্রথমে বিস্কুটগুলি মিক্সিতে ঘুরিয়ে ভাল করে গুঁড়ো করে নিন। বিস্কুটের গুঁড়োর সঙ্গে গলানো মাখন মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার একটি বড় চৌকো বা ডিমের আকৃতির কাচের পাত্রে বিস্কুট-মাখনের মিশ্রণটি দিয়ে উপর থেকে একটি চামচ দিয়ে চেপে চেপে সমান করে নিন। পাত্রটি আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ক্রিম চিজ়, আমের ক্বাথ, চিনি, হুইপ্ড ক্রিম আর আধ কাপ চিনি দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। ফ্রিজ থেকে কাচের পাত্রটি বার করে বিস্কুটের পরতের উপর আমের মিশ্রণটি ঢেলে, এটিকেও চামচ দিয়ে সমান করে নিন। মিশ্রণটিকে অন্তত আট ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এ বার একটি মিক্সিতে আমের টুকরো, চিনি আর জল দিয়ে পাতলা মিশ্রণ বানিয়ে নিন। সেই মিশ্রণে মিশিয়ে দিন আগর আগর পাউডার। এ বার ফ্রিজ থেকে আবার কাচের পাত্রটি বার করে আমের জেলিটি পাত্রের উপর ঢেলে দিন। এক ঘণ্টা আবার ফ্রিজে রাখুন। তা হলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো চিজ় কেক।