আইপিএল শেষ হলেই ভারতীয় দলের একগাদা আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ছাড়াও রয়েছে ইংল্যান্ড সফর। তবে দুই পেসার আকাশদীপ এবং হর্ষিত রানাকে এই দু’টি সিরিজ়েই সম্ভবত পাওয়া যাবে না। এমনই জানিয়েছে বোর্ডের একটি সূত্র। এখনও পুরোপুরি ফিট নন দু’জনে। কবে ফিরবেন সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পিঠের চোটের কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে আকাশদীপ। তিনি এখন রিহ্যাব শুরু করেছেন। অন্য দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েক দিন আগে হাঁটুতে অস্ত্রোপচার হয় হর্ষিতের। তিনিও খেলার জায়গায় নেই। দু’জনেই কেকেআরের বোলার এবং আইপিএলে খেলতে পারছেন না।
বোর্ডের এক সূত্র পিটিআই-কে বলেছেন, “আকাশ এবং হর্ষিতের রিহ্যাব ঠিকঠাকই চলছে। কিন্তু ম্যাচ খেলার মতো ফিট হওয়ার জন্য এখনও লম্বা পথ বাকি। আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজ়ের কথা যদি ধরা হয়, তা হলে দু’জনের কারওরই খেলার সম্ভাবনা প্রায় নেই। ওরা এখনও পেশি শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। আপাতত জগিং, হালকা এবং জোরে দৌড়ের মতো অনুশীলন করছে। চিকিৎসকদের অনুমতি পেলে তবেই মাঠে নামতে পারবে। কবে ফিরবে সেটা এখনই বলা যাচ্ছে না।”
আকাশদীপ মূলত লাল বলের ক্রিকেট খেলেন। হর্ষিত সাদা বলের ক্রিকেটে জায়গা করে নিয়েছেন। দুই ফরম্যাটেই ভারতের একাধিক ম্যাচ রয়েছে ভবিষ্যতে। ২০২৫-এ হর্ষিত এক দিনের ক্রিকেটে ভারতের সফলতম বোলার ছিলেন। ১৪টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছিলেন। অন্য দিকে আকাশদীপ গত বছর ইংল্যান্ড সিরিজ়ে বার্মিংহাম টেস্টে ১২টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন:
সংবাদ সংস্থার দাবি, হর্ষিতের থেকেও আকাশদীপের সেরে উঠতে বেশি সময় লাগবে। অগস্টে দলীপ ট্রফি রয়েছে। সেই প্রতিযোগিতার মাধ্যমে আকাশদীপ ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।