Advertisement
E-Paper

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধাক্কা পাকিস্তানের, আট পয়েন্ট কেটে নিল আইসিসি, আটে নেমে গেল শান মাসুদের দল

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেল পাকিস্তান। নির্দিষ্ট সময়ের মধ্যে শান মাসুদের দল আট ওভার কম বল করেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নেমে গেল পাকিস্তান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১১:১৫
picture of cricket

শান মাসুদ। ছবি: এক্স।

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ১০৪ রানে হারের পর পাকিস্তানকে শাস্তি পেতে হল। মিরপুর টেস্টে মন্থর বোলিংয়ের জন্য শান মাসুদের দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নেমে গিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে অতিমন্থর বোলিং করার অভিযোগ উঠেছে। নির্দিষ্ট সময়ে ৮ ওভার কম বল করেছিল পাকিস্তান। তাই নিয়ম অনুযায়ী জরিমানা এবং পয়েন্ট কাটা গিয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা হয়। কাটা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক পয়েন্ট করে। সেই হিসাব মেনেই শাস্তি দেওয়া হয়েছে। পাকিস্তানের শাস্তির কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। প্রথম টেস্ট শেষ হওয়ার পর ম্যাচ রেফারি জেফ ক্রো পাক অধিনায়ক মাসুদকে ডেকে পাঠান। শুনানিতে ভুল স্বীকার করে নেন মাসুদ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলে একটি জিতেছে পাকিস্তান। হেরেছে দু’টি। তাদের সংগ্রহে ছিল ১২ পয়েন্ট। তার থেকে আট পয়েন্ট কেটে নেওয়ায় পাকিস্তানের পয়েন্ট এখন ৪। শাস্তির ফলে অনেকটা কমে পাকিস্তানের পয়েন্ট শতাংশ এখন ১১.১১। পয়েন্ট তালিকায় মাসুদের দল নেমে গিয়েছে আট নম্বরে। তাদের পরে রয়েছে শুধু ওয়েস্ট ইন্ডিজ়।

WTC 2025-27 Pakistan Cricket Team ICC Fine Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy