Advertisement
E-Paper

৩২ বছর বয়সেই অবসর ভরতের, ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক খোলা রাখলেন বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার সম্ভাবনা

বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার সম্ভাবনা খোলা রেখেছেন কেএস ভরত। অন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে ছ’হাজারের বেশি রান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ত্রিশতরানের ইনিংসও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১০:৫৭
picture of cricket

শ্রীকর ভরত। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন কোনা শ্রীকর ভরত। ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার পর টেস্ট দলে নিয়মিত ছিলেন। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি ৩২ বছরের ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সেও ছিলেন ভরত।

অবসর ঘোষণা করলেও বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার সম্ভাবনা খোলা রেখেছেন ভরত। অন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে ছ’হাজারের বেশি রান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ত্রিশতরানের ইনিংসও। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ভরত বলেছেন, ‘‘গর্ব এবং কৃতজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দেশের হয়ে খেলা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। আমার এই যাত্রাপথে প্রচুর সহনশীলতা এবং শক্তির প্রয়োজন হয়েছে। তবে দেশের হয়ে টেস্ট খেলার সম্মান প্রতিটি মুহূর্তের চেয়ে মূল্যবান।’’

তিনি আরও বলেছেন, ‘‘আইপিএলে আমার প্রথম অধিনায়ক বিরাট কোহলিকে অনেক ধন্যবাদ। তিনি আমায় দক্ষতা প্রমাণের এবং স্বীকৃতি প্রাপ্তির সুযোগ করে দিয়েছিলেন। ভারতীয় দলে আমার অধিনায়ক রোহিত শর্মাকেও অনেক ধন্যবাদ। তাঁর নেতৃত্বে আমার টেস্ট অভিষেক হয়েছিল। যা অমূল্য। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভারত ‘এ’ থেকে ভারতীয় দল পর্যন্ত কোচ হিসাবে পেয়েছি রাহুল দ্রাবিড় স্যরকে। তাঁর সাহায্য, পরামর্শ, প্রেরণা অবিস্মরণীয়। তাঁরা পাশে ছিলেন বলেই আমি ভারতের হয়ে টেস্ট খেলতে পেরেছি।’’ ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়াও সব দলের সতীর্থ, কোচ, কর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন ভরত।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন। সে বছর টেস্ট বিশ্বকাপের ফাইনালেও ভারতের প্রতিনিধিত্ব করেন। মোট সাতটি টেস্ট খেলে করেছেন ২২১ রান। দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেলার সুযোগ পাননি উইকেটরক্ষক-ব্যাটার।

KS Bharat retirement BCCI KKR Wicket Keeper
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy