Advertisement
E-Paper

দল হারলেও ফুরফুরে মেজাজে কোহলি, রোহিত, ছোট্ট ভক্তের কাছে উপহার পেলেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ চলাকালীন ফুরফুরে মেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। সমর্থকদের সঙ্গে দেখা করলেন। ভক্তের কাছ থেকে উপহারও পেলেন বিরাট।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৪:২৫
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। দল হারলেও ফুরফুরে মেজাজে দেখা গেল বিরাট ও রোহিতকে। গ্যালারিতে সমর্থকদের সঙ্গে দেখা করলেন তাঁরা। বিরাটকে একটি উপহার দেন এক ছোট্ট ভক্ত। তার সঙ্গে ছবিও তোলেন বিরাট।

ম্যাচ শেষে কয়েক জন সমর্থকের সঙ্গে দেখা করেন বিরাট। তখনই একটি ছোট্ট মেয়ে হাতে তৈরি একটি ব্রেসলেট তুলে দেয় বিরাটের হাতে। সঙ্গে সঙ্গে সেই ব্রেসলেট পরেন বিরাট। মেয়েটির সঙ্গে ছবি তোলেন। সেখানে মেয়েটির পরিবারের বাকিরাও ছিলেন। সবার সঙ্গেই কথা বলেন বিরাট, ছবি তোলেন, সই দেন। বিরাটের এই ব্যবহারে অবাক তাঁরা।

বিরাট যে তার তৈরি ব্রেসলেট নেবেন তা ভাবেনি মেয়েটি। পরে সে বলে, ‘‘আমি বিরাটের খুব বড় ভক্ত। ওঁকে দেখতে এসেছিলাম। বিরাট না খেলায় একটু খারাপ লাগছিল। কিন্তু পরে উনি আমাদের সঙ্গে দেখা করেন। আমার তৈরি ব্রেসলেট হাতে পরেন। আমি ভাবতেও পারছি না। এটা আমার জীবনের সব থেকে বড় মুহূর্ত।’’ মেয়েটির বাবা বলেন, ‘‘আমাদের গোটা পরিবার বিরাটের ভক্ত। উনি এসে আমাদের সঙ্গে দেখা করলেন। কথা বললেন। এত বড় মাপের এক জন ক্রিকেটার যে আমাদের সময় দিয়েছেন তাতেই আমরা খুশি।’’

শুধু বিরাট নন, সমর্থকদের সঙ্গে দেখা করেন রোহিতও। তাঁদের সঙ্গে ছবি তোলেন ভারত অধিনায়ক। এই পুরো ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই।

বার্বাডোজ়ে প্রথম এক দিনের ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতকে। ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৮১ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। একমাত্র ঈশান অর্ধশতরান করেন। জবাবে ব্যাট করতে নেমে শাই হোপের অর্ধশতরানে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ়। মঙ্গলবার তৃতীয় ম্যাচে হবে সিরিজ়ের ফয়সালা।

Virat Kohli India Vs West Indies India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy