Advertisement
E-Paper

খেলার আগে ভোরবেলা সূর্যরা ছুটলেন মহাকাল মন্দিরে! কার জন্য পুজো, আরতি ভারতীয় দলের

মঙ্গলবার মধ্যপ্রদেশের ইনদওরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে পুজো দিলেন ক্রিকেটাররা। মন্দিরে বিশেষ আরতিও করেছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১১:৪৬
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত। তার আগে মহাকাল মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটাররা।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত। তার আগে মহাকাল মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: টুইটার

ঋষভ পন্থের দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে ছুটলেন ভারতীয় ক্রিকেটাররা। উজ্জয়ীনির মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার। মঙ্গলবার মধ্যপ্রদেশের ইনদওরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে সতীর্থের জন্য পুজো দিলেন ক্রিকেটাররা। মন্দিরে বিশেষ আরতিও করেছেন তাঁরা।

সোমবার সকালে মহাকাল মন্দিরে যান ভারতীয় দলের তিন ক্রিকেটার সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। সেখানে গিয়ে পুজো দেন তাঁরা। ভগবান শিবের সামনে ভস্ম আরতি করেন। মন্দিরের প্রথা মেনে ধুতি ও অঙ্গবস্ত্র পরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

পুজো দিয়ে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআইকে সূর্য বলেন, ‘‘ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছি। ওর দলে ফেরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিউ জ়িল্যান্ডের মধ্যে আমরা ইতিমধ্যেই সিরিজ় জিতে গিয়েছি। শেষ ম্যাচও জিততে চাই। খেলার পাশাপাশি বন্ধুর জন্য পুজো দিতে এলাম।’’

পন্থের আরোগ্য কামনায় পুজো দিচ্ছেন সূর্যকুমার, কুলদীপরা।

পন্থের আরোগ্য কামনায় পুজো দিচ্ছেন সূর্যকুমার, কুলদীপরা। ছবি: টুইটার

গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্থ। তার পর থেকে হাসপাতালেই ভর্তি তিনি। ডান পায়ে দু’টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। আগামী দু’সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। হাসপাতাল সূত্রে তেমনই খবর। বাড়িতেই শুশ্রূষা চলবে তাঁর।

বাড়িতে থাকলেও কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন পন্থ। হাসপাতালের সূত্রের খবর, পন্থের মেডিক্যাল কোল্যাটেরাল লিগামেন্টে (এমসিএল) বড়সড় অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) সামান্য অস্ত্রোপচার হয়েছে। ডাক্তারদের অনুমান, বাকি যে লিগামেন্টগুলিতে চোট লেগেছে, সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

এক ওয়েবসাইটে বোর্ডের সূত্র বলেছেন, “পন্থের সব লিগামেন্টেই কিছু না কিছু চোট লেগেছে। পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (পিসিএল) চোটটাই সবচেয়ে চিন্তার ছিল। ডাক্তাররা জানিয়েছিলেন, এমসিএল-এ অস্ত্রোপচার করতেই হত। পিসিএল-এর চোট আগামী দু’সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হবে। আশা করা যায় পন্থের আর কোনও অস্ত্রোপচারের দরকার পড়বে না। এখনও পর্যন্ত ওর একটাই বড় অস্ত্রোপচার হয়েছে।”

তিনি আরও বলেছেন, “লিগামেন্টের চোট সারতে চার থেকে ছয় সপ্তাহ লাগে। তার পর থেকে রিহ্যাব এবং পেশি শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হবে। তারও দু’মাস পরে বলা যাবে পন্থ কবে ক্রিকেট মাঠে ফিরতে পারে। পন্থ নিজেও জানে সামনের রাস্তাটা খুবই কঠিন। দরকারে ওকে কাউন্সেলিংও করানো হতে পারে। ক্রিকেট মাঠে ফিরতে চার থেকে ছ’মাস লাগবেই।”

India Cricket Rishabh Pant Suryakumar Yadav India vs New Zealand 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy