Advertisement
E-Paper

লা লিগা জিতে সন্তুষ্ট নন ফ্লিক! ইউরোপ সেরা হতে চান বার্সেলোনার কোচ

এল ক্লাসিকো জিতে এই মরসুমের লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। কিন্তু কোচ হান্সি ফ্লিক চান, তাঁর ক্লাব ইউরোপের সেরা হোক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৫:৩৪
football

চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলারদের কাঁধে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স।

পর পর দু’বার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। রবিবার রাতে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্পেনের সেরা ক্লাব হয়েছে তারা। কিন্তু শুধু লা লিগা জিতে খুশি নন হান্সি ফ্লিক। বার্সার কোচের লক্ষ্য দলকে ইউরোপের সেরা ক্লাব করা।

ফ্লিক দায়িত্ব নেওয়ার আগে পাঁচ মরসুমে মাত্র একটি ট্রফি ছিল বার্সার দখলে। তিনি আসার পর দুই মরসুমে পাঁচটি ট্রফি জিতেছে বার্সা। গত বার লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ জিতেছিল তার দল। এ বার জিতেছে লা লিগা ও সুপার কাপ। অর্থাৎ, সাফল্যের দিক থেকে গত মরসুম ছিল সেরা।

কিন্তু ইউরোপ সেরার লড়াই অর্থাৎ, চ্যাম্পিয়ন্স লিগে ২০১৫ সালের পর থেকে সাফল্য পায়নি বার্সেলোনা। লিয়োনেল মেসি, লুই সুয়ারেস, নেমার জমানার পর আর ইউরোপ সেরার শিরোপা জোটেনি তাদের। গত বার সেমিফাইনালে হারতে হয়েছিল ইন্টার মিলানের কাছে। এ বার কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ তাদের হারিয়েছে।

ফ্লিক জানিয়েছেন, বার্সার কোচ হিসাবে তাঁর প্রধান লক্ষ্য দু’টি। ফ্লিক বলেন, “আমার দুটো লক্ষ্য। প্রথম, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। দ্বিতীয়, নৌ ক্যাম্প খুলে যাওয়ার পর সেখানে দলকে কোচিং করানো।” ফ্লিক জানিয়েছেন, দলের ফাঁক ভরাট করতে হবে তাঁকে। তিনি বলেন, “পরের বারও আমাদের দল বেশ ভাল। কিন্তু ট্রান্সফার উইন্ডো আমাদের কাজে লাগাতে হবে। কিছু জায়গায় এখনও ফাঁক রয়েছে। সেগুলো ভরাট করতে হবে। ভুল করার জায়গা নেই।”

ইনজ়িগো মার্তিনেস সৌদি আরবের ক্লাবে সই করার পর তাঁর পরিবর্ত খুঁজে পায়নি বার্সা। লেফ্‌ট ব্যাক জেরার্ড মার্টিনকে সেন্ট্রাল ব্যাক করে খেলাতে হয়েছে। তিনি ও এরিক গার্সিয়া দুর্দান্ত খেলেছেন। কিন্তু এখনও এক জন বিশেষজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার তাদের চায়। ৩৭ বছরের রবার্ট লেয়নডস্কি ও ফেরান টোরেস এ বার অনেক গোল করেছেন। কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে হ্যারি কেন বা প্যারিস সঁ জরমঁ-এর হয়ে উসমান ডেম্বেলে যে রকম খেলছেন, সেটা পারছেন না তাঁরা।

বার্সা আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। ফলে প্রচুর টাকা খরচ করে তারকা আনা কঠিন। এই পরিস্থিতিতে লা মাসিয়া অ্যাকাডেমি তাদের প্রধান ভরসা। এই অ্যাকাডেমি থেকেই লামিন ইয়ামাল ও পাউ কুবার্সিকে তুলে এনেছিলেন আগের কোচ জ়াভি। সেই অ্যাকাডেমির দুই তরুণ জ়াভি এসপার্ট ও টমি মারকুইসের উপর নজর রয়েছে ফ্লিকের।

বার্সার এই দলে অভিজ্ঞতা কম। ফলে কঠিন ম্যাচে অনেক সময় সমস্যায় পড়েছে তারা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় দলের বিরুদ্ধে খেলা খারাপ হয়েছে। সেই কারণে, তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দিতে হচ্ছে ফ্লিককে। মার্কাস র‌‌্যাশফোর্ড ভাল সংযোজন। গোল করছেন। এল ক্লাসিকোতেও গোল করেছেন। তাঁর অভিজ্ঞতাও রয়েছে। যে সম্বল তাঁর কাছে রয়েছে সেই সম্বল নিয়েই আগামী মরসুমে ইউরোপ জয় করতে চান ফ্লিক।

FC Barcelona Hansi Flick
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy