Advertisement
E-Paper

পিছিয়ে পড়েও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের, আইএসএলে শীর্ষে লাল-হলুদ

অ্যাওয়ে ম্যাচের শুরুতে কিছুটা সাবধানী ছিল ইস্টবেঙ্গল। বরং প্রথম থেকেই আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে মুম্বই এফসির ফুটবলারদের মধ্যে। দ্বিতীয়ার্ধে অবশ্য বেশি দাপট ছিল অস্কার ব্রুজ়োর দলের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২১:৫৯
picture of football

গোলের পর নন্দকুমার। ছবি: সংগৃহীত।

ইস্টবেঙ্গল - ২ (এজ়েজ্জারি, নন্দকুমার)

মুম্বই সিটি এফসি - ১ (ব্র্যান্ডন)

মুম্বই সিটি এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে আইএসএল জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। মঙ্গলবার মুম্বইয়ের মাঠে ০-১ গোলে পিছিয়ে পড়ার পরও জয় ছিনিয়ে নিলেন লাল-হলুদ ফুটবলারেরা। কোচ অস্কার ব্রুজ়োর দায়িত্ব ছাড়ার ঘোষণা অবশ্য ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে ছাপ ফেলতে পারেনি।

অ্যাওয়ে ম্যাচের শুরুতে কিছুটা সাবধানী ছিল ইস্টবেঙ্গল। বরং প্রথম থেকেই আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে মুম্বই এফসির ফুটবলারদের মধ্যে। তার সুফলও পায় তারা। ৮ মিনিটে ব্র্যান্ডনের গোলে এগিয়ে যায় মুম্বই। প্রথমার্ধে বেশ কয়েকটা সহজ সুযোগ পেয়েছিল তারা। যদিও ব্যবধান বাড়াতে পারেনি। দু’টি সহজ সুযোগ একাই নষ্ট করেন ছাংতে।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও খেলার রাশ নিজেদের পায়ে নিয়ে নেন লাল-হলুদ ফুটবলারেরা। ৫৮ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে মিগুয়েলকে ফাউস করেন জনি কাউকো। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি ইউসেফ এজ়েজ্জারি। চলতি মরসুমে ১০টি গোল করে ফেললেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার। ১৩ মিনিট পরেই বাঁ দিকে বক্সের মাথা থেকে নেওয়া দুরন্ত শটে দলকে এগিয়ে দেন নন্দকুমার। এর পর দু’দলের ফুটবলারেরাই গোলের কয়েকটি সুযোগ নষ্ট করেন। খেলার শেষ দিকে নিকুমের শট বারে না লাগলে ইস্টবেঙ্গলের অবশ্য ৩ পয়েন্ট পাওয়া হত না।

এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসিরও ২১ পয়েন্ট। তবে তারা ১১টি ম্যাচ খেলেছে। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহনবাগান। ইস্টবেঙ্গল বাকি সব ম্যাচ জিতলেই প্রথম বার আইএসএল চ্যাম্পিয়ন হবে। কারণ, আইএসএলের ডার্বিও বাকি রয়েছে। সেই ম্যাচ জিতলে মোহনবাগানকেও পিছনে ফেলে দেবে ব্রুজ়োর দল।

ISL 2026 East Bengal FC Mumbai City FC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy