Advertisement
E-Paper

আমেরিকা ঢুকতে দেয়নি, বিশ্বকাপে না থেকেও পুরো টাকা পাবেন সোমালির সেই রেফারি, সম্মান জানাতে সিদ্ধান্ত ফিফার

আমেরিকার মাটিতে পা রেখেও ফিরে যেতে হয়েছে সোমালির রেফারি ওমার আর্টানকে। বিশ্বকাপে অংশ না নিতে পারলেও পুরো টাকা পাবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৭:৪৯
football

ওমার আর্টান। ছবি: এক্স।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির খেসারত দিতে হচ্ছে ফিফাকে। সোমালির রেফারি ওমার আর্টানকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমেরিকায় পা রাখার পরেও ফিরে যেতে হয়েছিল তাঁকে। সেই রেফারি ওমারকে চুক্তি অনুযায়ী পুরো টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা।

‘বিবিসি’ একটি রিপোর্টে জানিয়েছে, ওমারকে বিশ্বকাপের রেফারি হিসাবে নির্বাচিত করেছিল ফিফা। আফ্রিকার সেরা রেফারির সম্মান পেয়েছেন তিনি। এই বিশ্বকাপ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমেরিকার অভিবাসন নীতির কারণে তিনি ঢুকতে পারেননি। এতে তাঁর কোনও দোষ নেই। ফলে বিশ্বকাপে অংশ না নিলেও বেতন পাবেন তিনি। তাঁকে সম্মান জানাতে চায় ফিফা। বিশ্বকাপ শেষ হয়ে গেলেই চুক্তি অনুযায়ী পুরো টাকা পেয়ে যাবেন ওমার।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপ শুরুর আগে মায়ামিতে বিমান থেকে নামার পরেই ওমারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন নিরাপত্তারক্ষীরা। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তার পর তাঁকে জানানো হয়, আমেরিকায় প্রবেশ করতে পারবেন না তিনি। পরে আমেরিকার প্রশাসন সূত্রে জানা যায়, ওমারের সঙ্গে সোমালির কয়েকটি জঙ্গি সংগঠনের যোগাযোগের খবর তারা পেয়েছে। তাই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন ওমার।

পাল্টা ওমার বলেন, “আমার কাছে সব কাগজ ছিল। ভিসাও ছিল। আমি একজন রেফারি। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সেটা পূরণ হল না।” যদিও দেশের ফেরার পর বীরের সম্মান পেয়েছেন ওমার। একটি স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দিয়েছে সে দেশের সরকার। যে ভাবে আমেরিকা ওমারকে ঢুকতে দেয়নি, তার নিন্দা করেছে সোমালি।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এই ঘটনায় বিতর্কে জড়ায় ফিফার নামও। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ওমারের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু তাঁদের হাত বাঁধা। আয়োজক দেশের নিয়ম বদলের ক্ষমতা তাঁদের নেই। তাঁরা অনুরোধ করতে পারেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আয়োজক দেশের। তার পরেও বিতর্ক কমেনি। সেই কারণেই কি বাধ্য হয়ে ওমারকে টাকা দেওয়ার কথা জানাল ফিফা। বিতর্ক কমানোর জন্যই কি এই সিদ্ধান্ত? এই প্রশ্নও উঠতে শুরু করেছে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy