দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিশ্বকাপ ফুটবলে আজ রাত ও কাল ভোরে আরও দুই দল নিশ্চিত হয়ে যাবে যারা কোয়ার্টার ফাইনালে যাবে। প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে দুই ফেভারিট ব্রাজিল ও ইংল্যান্ড। ভিনিসিয়স জুনিয়রদের ব্রাজিল খেলবে নরওয়ের বিরুদ্ধে। খেলা রাত ১:৩০ থেকে। কাল ভোরে নামবে ইংল্যান্ড। বিপক্ষে মেক্সিকো। খেলা ভোর ৫:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর আত্মীয়স্বজনদের শেষকৃত্যের কাজ চলছে। ছ’দিন ধরে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে খামেনেইদের শেষ বিদায় জানাবেন মানুষ। বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা খামেনেইয়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। তেহরানের দাবি, খামেনেইয়েই শেষকৃত্যে তাঁর প্রচুর অনুগামী জড়ো হবেন। সেই মতো বন্দোবস্তও করা হয়েছে। আগামী ৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে। তবে তার পরেও দুর্যোগ চলবে।
‘আসল’ তৃণমূল কারা, তা নিয়ে দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। এক দিকে কালীঘাট শিবির, অন্য দিকে ঋতব্রত শিবির। প্রতীক নিয়ে লড়াই চলছিলই, এ বার তাতে জুড়েছে পার্টি অফিসের নিয়ন্ত্রণের লড়াইও। তৃণমূলের দুই শিবিরের বক্তব্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন। আগামী সোমবারের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে দু’পক্ষকে। এ অবস্থায় শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োবার্তার পর 'দল-দখল' ঘিরে চাপানউতর বৃদ্ধি পেয়েছে। রবিবার সেই চাপানউতর আরও বৃদ্ধি পেতে পারে।