মোবাইল ফোনের বাজারে ঝড় তুলতে এ বার ভারতে বিপণি খুলল নাথিং। সারা বিশ্বে মোট দুটো স্টোর রয়েছে তাদের। এর মধ্যে প্রথমটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের রাজধানী লন্ডনে অবস্থিত। ওই শহরেই আছে তাদের প্রধান কার্যালয়। সম্প্রতি, এ দেশে ব্যবসা বাড়ানোর দিকে নজর দিয়েছে ওই বহুজাতিক সংস্থা। চলতি বছরের আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) স্পনসর করছে তারা।
ভারতে খোলা নাথিংয়ের দ্বিতীয় বিপণিটি কিন্তু আর পাঁচটা স্মার্টফোনের খুচরো দোকানের মতো নয়। ঝাঁ-চকচকে শোরুমটিতে বিষয়স্রষ্টাদের (কনটেন্ট ক্রিয়েটার) জন্য আলাদা জায়গা রেখেছে তারা। মূলত অ্যাপ্ল স্টোরের আদলে ওই বিপণিটিকে একটি ‘অভিজ্ঞতা কেন্দ্র’ বা এক্সপিরিয়েন্স সেন্টার হিসাবে গড়ে তোলা হয়েছে, যাকে আইফোন শোরুমের উন্নত সংস্করণ বলা যেতে পারে।
চলতি বছরে বাজারে চলে এসেছে অ্যান্ড্রয়েড ১৭-এর বিটা ভার্সান। ব্যবহারকারীদের মধ্যে যাঁরা নাম নথিভুক্ত করিয়েছেন, বর্তমানে তাঁরা এই প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন। কিছু দিন পর থেকে আপডেট পাবেন বাকি গ্রাহকেরা। নতুন প্রযুক্তিটিতে ব্যক্তিগত তথ্যসুরক্ষার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, অন্যান্য দিক থেকেও এতে লাভবান হবেন ব্যবহারকারী।
সম্প্রতি গ্যাজেটের দুনিয়ায় ট্যাবলেট এবং ভাঁজ করা (ফোল্ডেবল) ডিভাইসের ব্যবহার উত্তরোত্তর বাড়তে দেখা গিয়েছে। অ্যান্ড্রয়েড ১৭-এর বিটা ভার্সানে ওই হার্ডঅয়্যারগুলির জন্য থাকছে বিশেষ অপটিমাইজ়েশন। স্মার্টফোনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যাটারি এবং পারফরম্যান্সকে উন্নত করবে। তা ছাড়া পরিষেবাকে উন্নত করার নেপথ্যে অ্যান্ড্রয়েড ১৭-র যথেষ্ট হাত থাকবে বলে জানা গিয়েছে।
স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারকারীদের প্রত্যেকেই চান দুর্দান্ত ওয়াইফাই। আবার প্রয়োজনমতো পরিষেবাকে ফাইভজি-তে নিয়ে যেতে হয় তাঁদের। গ্যাজেট বিশ্লেষকদের দাবি, অ্যান্ড্রয়েড ১৭-র বিটা ভার্সান সেই অভিজ্ঞতাকে উন্নত করবে। দু’টি ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স পাবেন তাঁরা। পাশাপাশি, নতুন প্রযুক্তির জন্য স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবি হয়ে উঠবে আরও সুন্দর ও ঝকঝকে।
অন্য দিকে ভারতে ষষ্ঠ খুচরো বিপণি খুলল অ্যাপ্ল। আইফোন নির্মাণকারী মার্কিন বহুজাতিক সংস্থাটির দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু ও পুণেতে একটি করে শোরুম রয়েছে। দু’টি বিপণি রয়েছে মুম্বইয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারতের বাজারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে অ্যাপ্ল। তবে সংস্থার নিজস্ব শোরুমে গেলে যে বিশেষ কোনও ছাড় বা মেগা অফার পাওয়া যাবে, তা একেবারেই নয়।
আরও পড়ুন:
এ বছরের ৪ মার্চ আইফোন ১৭ই, এমফাইভ ম্যাকবুক প্রো এবং নতুন আইপ্যাড বাজারে এনেছে অ্যাপ্ল। অন্য দিকে ভারতে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এ দেশেই ওপেন এআই নির্মিত এই কৃত্রিম মেধা প্রযুক্তিটির সর্বাধিক গ্রাহক রয়েছে। এখানকার গ্রাহকদের এখনও নিখরচায় সংশ্লিষ্ট এআই চ্যাটবটকি ব্যবহার করতে দিচ্ছে তারা। কারণ ভারতের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে তথ্য সংগ্রহে সুবিধা হচ্ছে তাদের।
রাশিয়ায় আবার নিষিদ্ধ হয়েছে হোয়াট্সঅ্যাপ। সংশ্লিষ্ট সমাজমাধ্যম প্ল্যাটফর্মটিকে তীব্র ভর্ৎসনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। ব্যবহারকারীদের তথ্যসুরক্ষা এবং গোপনীয়তার অধিকার রক্ষায় তারা বিন্দুমাত্র নজর দিচ্ছে না বলে তাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। শীর্ষ আদালতের কোপে পড়ায় আগামী দিনে এ দেশ থেকে ব্যবসা গোটাতে হবে হোয়াট্সঅ্যাপকে? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:
বিশ্লেষকদের বড় অংশের দাবি, এ বছরে অনেকটাই বাড়বে কম্পিউটার ও স্মার্টফোন-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জামের দাম। কারণ বাজারে তৈরি হয়েছে র্যাম ও স্টোরেজের সঙ্কট। ফলে আকাশছোঁয়া দরে বিক্রি হচ্ছে এই দুই ডিভাইস। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে ওয়েস্টার্ন ডিজিটালের মতো মার্কিন সংস্থা। আগামী দিনে আর হার্ড ডিস্ক সরবরাহ করতে পারবে না বলে ঘোষণা করেছে তারা। ফিশনের সিইওর আবার দাবি, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী বহু সংস্থায় জ্বলে যাবে লালবাতি। আর তাই এ বছরের মার্চের মধ্যে যাবতীয় কেনাকাটা সেরে ফেলাই ভাল, বলছেন বিশেষজ্ঞেরা।
এর পাশাপাশি বিতর্কের মুখে পড়েছে মেটা গ্লাস। কৃত্রিম মেধা-ভিত্তিক চশমাটি পুরোপুরি নিষিদ্ধ করেছে বেশ কয়েকটি বিমান পরিষেবা সংস্থা। সম্প্রতি এক নেটপ্রভাবীর বিরুদ্ধে মেটা গ্লাস ব্যবহার করে গোপনে ভিডিয়ো তোলা এবং সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে। তার পরেই কড়া পদক্ষেপে বাধ্য হয় একাধিক উড়ান পরিষেবা সংস্থা। সাধারণত, ভিডিয়ো রেকর্ডিংয়ের সময় কৃত্রিম মেধা-ভিত্তিক ওই চশমায় একটি আলো জ্বলে। তার পরেও কী ভাবে সকলের নজর এড়ালেন ওই নেটপ্রভাবী? এখনও মেলেনি উত্তর।