Advertisement
E-Paper

৭৯ এবং ৯৯ টাকায় ‘প্লাস’ পরিষেবা! নতুন কী কী সুবিধা পাবেন হোয়াট্‌সঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা? প্রকাশ্যে তথ্য

মার্কিন প্রযুক্তি জায়ান্টটি সম্প্রতি ব্যবহারকারীদের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ঘোষণা করেছে। আমেরিকায় ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাস ব্যবহারের জন্য গ্রাহকদের মাসে ৩.৯৯ ডলার খরচ করতে হবে। হোয়াট্‌সঅ্যাপ প্লাসের খরচ হবে ২.৯৯ ডলার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৭:১০
What WhatsApp & Instagram users will be offered in Plus subscription model

ছবি: এআই সহায়তায় তৈরি।

ভারতীয় গ্রাহকদের জন্য ‘হোয়াট্‌সঅ্যাপ প্লাস’ চালু করেছে মার্ক জ়ুকেরবার্গের সংস্থা মেটা। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির নিয়ন্ত্রণাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াট্‌সঅ্যাপের গ্রাহকেরা মাসে ৭৯ টাকার বিনিময়ে এখন থেকে বিশেষ স্টিকার, কাস্টম অ্যাপ আইকন এবং নিজেদের পছন্দমতো অ্যাপ থিম ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়াও ‘হোয়াট্‌সঅ্যাপ প্লাস’-এ থাকছে বিশেষ রিংটোন এবং একাধিক চ্যাট পিন করে রাখার সুবিধাও। অন্য দিকে, মাসে ৯৯ টাকা মূল্যের ‘ইনস্টাগ্রাম প্লাস’-এ ব্যবহারকারীরা ‘স্টোরি প্রিভিউ’ করার সুযোগ পাবেন এবং পাশাপাশি স্টোরি কত বার দেখা হয়েছে তার তথ্য এবং ও ‘বায়ো’র জন্য কাস্টম ফন্ট ব্যবহারের সুবিধা পাবেন। থাকছে বেশ কিছু মজার ফিচারও। মেটা সম্প্রতি ঘোষণা করেছে, তারা ইনস্টাগ্রাম, হোয়াট্‌সঅ্যাপ এবং ফেসবুকের জন্য ‘পেড সাবস্ক্রিপশন’ চালু করছে। তার আওতাতেই এই ‘প্লাস’ পরিষেবা চালু করা হয়েছে।

মার্কিন প্রযুক্তি জায়ান্টটি সম্প্রতি ব্যবহারকারীদের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ঘোষণা করেছে। আমেরিকায় ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাস ব্যবহারের জন্য গ্রাহকদের মাসে ৩.৯৯ ডলার খরচ করতে হবে। হোয়াট্‌সঅ্যাপ প্লাসের খরচ হবে ২.৯৯ ডলার। ভারতের জন্য এই মূল্য যথাক্রমে ৯৯ টাকা এবং ৭৯ টাকা হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে আবার প্রথম ছ’মাসের জন্য অর্ধেক টাকা দিতে হবে ভারতীয় গ্রাহকদের। মেটার নিয়ন্ত্রণাধীন অ্যাপগুলির এই ‘প্লাস’ সংস্করণগুলি বর্তমানে কেবল নির্দিষ্ট কিছু অঞ্চল এবং বাছাই করা অ্যাকাউন্টের জন্য উপলব্ধ। এমনিতে অ্যাপগুলি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। আগের মতো সব ফিচারও ব্যবহার করতে পারবেন। তবে প্লাস সাবস্ক্রিপশন নেওয়া গ্রাহকেরা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। মেটা তাদের সব সাবস্ক্রিপশন মডেলকে ‘মেটা ওয়ান’ নামের একটি একক কর্মসূচির আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পাশাপাশি সাম্প্রতিক ঘোষণায় ‘মেটা এআই’-এর জন্যও সাবস্ক্রিপশন প্যাকেজ আনার কথা জানানো হয়েছে। এতে দু’টি স্তর রয়েছে—‘মেটা ওয়ান প্লাস’ (মাসিক ৭.৯৯ ডলার) এবং ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ (মাসিক ১৯.৯৯ ডলার)। উভয় প্যাকেজে মৌলিক সুবিধাগুলি একই থাকলেও, প্রিমিয়াম প্ল্যানটিতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটেশনাল কোয়েরি (জটিল গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়াকরণ) এবং মেটার বিভিন্ন অ্যাপে ভিডিয়ো এবং ছবি তৈরির উন্নত সক্ষমতা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। জানা গিয়েছে, আগামী মাসেই এই এআই পরিষেবার সাবস্ক্রিপশন মডেলের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ভাবে সিঙ্গাপুর, গুয়াতেমালা এবং বলিভিয়ায় এটি চালু করা হবে।

উল্লেখ্য, মেটা তাদের মোট কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ ছাঁটাই করার পরে পরেই এই ঘোষণাটি করেছে। সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, মেটা তাদের মূলধনের একটি বড় অংশ কৃত্রিম মেধা বা এআই-এর পিছনে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়ায় বিনিয়োগকারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। গত মাসে সংস্থাটি যখন তাদের প্রথম প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করে, তখন ‘আফটার-আওয়ার্স ট্রেডিং’-এ (বাজার বন্ধ হওয়ার পরবর্তী লেনদেনের সময়) তাদের শেয়ারের দর ৫ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। তবে সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবার পরিকল্পনা ঘোষণার পর আবার সংস্থাটির শেয়ারের দর ৩.৭ শতাংশ বেড়েছে।

Meta subscription money WhatsApp Facebook Instagram

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy