Advertisement
E-Paper

ত্রাতা হল একটি ফোন কল, উড়ালপুল থেকে ঝাঁপ দিতে উদ্যত তরুণকে অদ্ভুত কায়দায় উদ্ধার পুলিশের! ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদ প্রতিবেদন অনুসারে, দিল্লির মহিপালপুর উড়ালপুলের কিনারায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছে দিল্লি পুলিশ। ১৬ জুন একটি জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দিল্লি পুলিশের পিসিআর ইউনিটের সদস্যেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:৩৩

ছবি: সংগৃহীত।

উড়ালপুলের কিনারায় হাতে কালো রঙের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ঝাঁপ মারার জন্য উদ্যত। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দিল্লি পুলিশের একটি দল। বিচক্ষণ এক সাব-ইনস্পেক্টরের উপস্থিত বুদ্ধিতে বাঁচল তরুণের প্রাণ। নাটকীয় সেই উদ্ধারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, দিল্লির মহিপালপুর উড়ালপুলের কিনারায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছে দিল্লি পুলিশ। ১৬ জুন একটি জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দিল্লি পুলিশের পিসিআর ইউনিটের সদস্যেরা। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উড়ালপুলের কিনারায় বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছেন তরুণ। সঙ্গে সঙ্গে ছুটে না গিয়ে সাব-ইনস্পক্টর অনিল শর্মা প্রথমে তরুণকে স্বস্তি দেওয়ার চেষ্টায় তাঁর দিকে জলের বোতল এগিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করেন। ধীরে ধীরে তাঁর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেন তিনি। পুলিশকর্মী তরুণকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বোঝানোরও চেষ্টা করেন। এক পর্যায়ে এসে একটি দারুণ উপায় বার করে ফেলেন অনিল। তরুণের মনোযোগ অন্য দিকে সরানোর জন্য তাঁর দিকে একটি ফোন এগিয়ে দেন।

সঠিক মুহূর্তের জন্য সতর্ক ভাবে অপেক্ষা করার পর, এসআই অনিল হঠাৎ করেই তৎপর হয়ে ওঠেন। লোকটিকে শক্ত করে জাপটে ধরে উড়ালপুল থেকে টেনে সরিয়ে আনেন। তরুণকে নিরাপদ স্থানে নিয়ে আসার পর কাছাকাছি থাকা অন্যরাও সাহায্যের জন্য ছুটে আসেন। এই ফুটেজটি এক্স হ্যান্ডলে শেয়ার করেছে দিল্লি পুলিশই।

ভিডিয়োটি কয়েক ঘণ্টার মধ্যেই বহু বার দেখা হয়েছে। সাড়ে তিন হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। উদ্ধার অভিযানটি সমাজমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বহু নেটমাধ্যম ব্যবহারকারী সহানুভূতি, সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, তাঁর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং মানুষের জীবন রক্ষা করাই দিল্লি পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

Delhi Police Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy