বিস্ফোরণের পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও থমথমে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৮ নম্বর তিতকুমার গ্রাম। ঘটনাস্থলে জারি রয়েছে পুলিশি টহলদারি। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণস্থল। সোমবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করতে পারে ফরেন্সিক দল।
শনিবার বাসন্তীর ওই গ্রামে বিস্ফোরণের ঘটনা নিয়ে উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তৃণমূলের একটি অংশের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল করার তোড়জোড় শুরু করেছে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুল খানের দলবল। আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাবিবুল্লা খান এই অভিযোগ করেছিলেন ঘটনার পর পরই। যদিও মঞ্জুলের দাবি, ওই কাণ্ডের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছিলেন তিনি। ওই বিস্ফোরণের পর থেকে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘেঁষতে দেওয়া হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি এলাকায় টলছে পুলিশি টহলদারিও।
আরও পড়ুন:
-
গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুল্যান্স, রোগী-সহ পাঁচ আরোহীরই মৃত্যু শিলিগুড়িতে
-
ভূমিকম্পের বলি ২০০ ছাড়াল তুরস্ক ও সিরিয়ায়, আহত বহু, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা
-
ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে এ বার ধৃত শাসকদলের নেতাও, মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে ৫৭
-
বিরাট-রোহিত বিবাদ, ভাঙন ধরেছিল দলে! শেষ পর্যন্ত কে সামলেছিলেন? প্রকাশ্যে অন্দরের কথা
রবিবার রাতভর এলাকায় পুলিশি অভিযান চালানো হয়। এ কথা জানিয়েছেন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় ধৃত ২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই কাণ্ডে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে তাও। বিস্ফোরণে জখম ৩ জন ভর্তি রয়েছেন এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে আহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে।