Advertisement
E-Paper

খেত ডুবেছে জলে, উত্তাপ ছড়াল বাজারে

সকালে ঘুম ঘুম চোখে বাজারে গিয়েই ঝটকা লাগছে। সব্জির দাম শুনে ঘুম কেটে যাচ্ছে বনগাঁবাসীর। বনগাঁর ট বাজারে গিয়েছিলেন হরিদাসপুরের বাসিন্দা প্রফুল্ল হাজরা।

সীমান্ত মৈত্র

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩১

সকালে ঘুম ঘুম চোখে বাজারে গিয়েই ঝটকা লাগছে। সব্জির দাম শুনে ঘুম কেটে যাচ্ছে বনগাঁবাসীর।

বনগাঁর ট বাজারে গিয়েছিলেন হরিদাসপুরের বাসিন্দা প্রফুল্ল হাজরা। বাজারে সব্জির দাম শুনে প্রায় খালি ব্যাগ নিয়েই বাড়ি ফিরতে হল তাঁকে। বললেন, ‘‘সব্জির যা দাম বেড়েছে, কেনাই দায়। মনে হচ্ছে অনেক জিনিসই মাসকাবারি তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। তবেই সংসারের বাজেটে ব্যালান্স করে ঠিকঠাক খাওয়াটা অন্তত জুটবে!’’

নিম্নচাপের বৃষ্টির পরে অনেক সব্জি খেত এখনও জলে ডুবে রয়েছে বনগাঁ মহকুমায়। ফলে চাষ করা সম্ভব হচ্ছে না। জলে ডুবে নষ্ট হয়েছে প্রচুর সব্জি।

চাঁদা এলাকার চাষি রঞ্জিত দাসের আড়াই বিঘে জমির পেঁপে ও দেড় বিঘে জমির পটল বৃষ্টিতে নষ্ট হয়েছে। তিনি জানান, মানুষ বেশি দামে সব্জি কিনছেন ঠিকই, কিন্তু চাষিরা দাম পাচ্ছেন না। বাজারে পেঁপে ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাটে চাষিরা সেগুলি পাইকারি ৫ টাকা দরে বিক্রি করছেন। প্রত্যেক বছর পুজোর ঠিক মুখে বনগাঁয় এমনই পরিস্থিতি হচ্ছে। বৃষ্টির ফলে সব্জির প্রচুর ক্ষতি হচ্ছে। চাষেও ক্ষতি হচ্ছে। সমস্যায় পড়ছেন চাষিরা। বাজারে তেমন দাম না পাওয়ায় সংসার চালানো দায় হয়ে যায় তাঁদের।

বনগাঁ মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, সব্জির উৎপাদন মোটামুটি ঠিকই ছিল। কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে এলাকায় চাষের ক্ষতি হওয়ার কারণেই সব্জির দাম বেড়ে গিয়েছে। মহকুমার কোনও ব্লকে সব্জির কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বনগাঁ মহকুমার সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) দীপক বিশ্বাস বলেন, ‘‘বিভিন্ন ব্লকে সব্জি চাষে ক্ষতি হলেও মানুষের চাহিদা একই রয়েছে। কিন্তু জোগানে ঘাটতি দেখা দিয়েছে।’’ বনগাঁ, গাইঘাটা, বাগদা, গোপালনগর এলাকার বিভিন্ন হাটে বাজার গিয়ে জানা গেল গত বছরের পুজোর আগের তুলনায় এ বার সব্জির দাম গড়ে ৫-৭ টাকা বেশি।

বনগাঁ শহরের অন্যতম বড় বাজার ট’ বাজার। সেখানে খোঁজ নিয়ে জানা গেল, এখন পটলের কেজি ৩০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। লঙ্কা ৬০-৬৫ টাকা, দেশি বাঁধা কপি ২০ টাকা, উচ্ছে ৬০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা, টমেটো ৩০ টাকা, কুমড়ো ২০-২৫ টাকা, পেঁপে ১২ টাকা।

বনগাঁ কৃষিপ্রধান এলাকা। স্থানীয় চাষিরা খেতের সব্জি সরাসরি হাটে বাজারে নিয়ে এসে বিক্রি করেন বলে সব্জির দাম এখানে তুলনায় কম। কিন্তু পুজোর আগেই শুধু দাম বেড়ে যায় বলে জানাচ্ছেন চাষিরা।

Heavy rain Land drown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy