ভাল কাজ আছে— এই টোপ দিয়ে বিবাহিত মহিলার সঙ্গে একাধিকবার সহবাস এবং তাঁর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রের খবর, বিয়ের আগে এক মহিলা তাঁর মাসির বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ফোন নম্বর আদান–প্রদান করেন তাঁরা। তার পর মহিলার বিয়ের পরেও ফোনে কথাবার্তা হত।
অভিযুক্তের দাবি, তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, একদিন ফোন করে তাঁকে একটি কাজের ‘অফার’ দেন ওই যুবক। তাঁর শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানার পরে বলেছিলেন, একটি ভাল চাকরি হাতে আছে। কাজের সন্ধানে থাকা যুবতী অভিযুক্তের সঙ্গে দেখা করেন। অভিযোগ, এর পর ওই কাজ দেওয়ার অছিলায় তাঁকে বেশ কয়েক বার নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন যুবক। বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে যুবতীর বিশ্বাস অর্জন করেন তিনি। তার পর কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন।
আরও পড়ুন:
ওই ভাবে বেশ কিছু দিন কেটে যাওয়ার পরেও কাজ না হওয়ায় যুবককে এড়িয়ে চলছিলেন যুবতী। তখন শুরু হয় ব্ল্যাকমেল। যুবতীর দাবি, তাঁর বেশ কিছু ‘আপত্তিকর ছবি’ সমাজমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দিতে থাকেন ওই যুবক। শেষমেশ গত ১৬ এপ্রিল তিনি মহিলা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই এই গ্রেফতারি।
শনিবার বিকেলে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।