Advertisement
E-Paper

মঙ্গলবার বিকেলে ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সঙ্গী স্পিকার রথীন্দ্র, জরুরি বৈঠক সেরে ফিরবেন রাতেই

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। শপথ নিয়েছেন আরও ৩৫ জন মন্ত্রী। তার পরের দিনই দিল্লিতে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর তাৎপর্যপূর্ণ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৪:৫৩
বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

ঝটিকা সফরে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির দফতরে জনতার দরবার কর্মসূচি শেষ করে হুগলির তারকেশ্বরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে যাবেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুও।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। শপথ নিয়েছেন আরও ৩৫ জন মন্ত্রী। তার পরের দিনই দিল্লিতে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর তাৎপর্যপূর্ণ। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের জরুরি তলবেই তাঁর এই ঝটিকা সফর। বিকেলে দিল্লিতে গিয়ে জরুরি কর্মসূচি সেরে রাতেই আবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

লোক ভবনে সোমবার শপথ নিয়েছেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। রাজ্যে তিনটি মন্ত্রীর পদ এখনও খালি রয়েছে। এখনও পর্যন্ত রাজ্য মন্ত্রিসভায় নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরের কোনও বিধায়ক নেই। এই সংক্রান্ত বিষয়ে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর কারও সঙ্গে কোনও আলোচনা হয় কি না, সে দিকে নজর থাকবে। পাশাপাশি রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে দিল্লিতে।

বিধায়কদের সই-কাণ্ড ঘিরে বর্তমানে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধী দল তৃণমূলে। সম্প্রতি কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে গরহাজির ছিলেন সিংহভাগ বিধায়ক। তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই অনুপস্থিত ছিলেন সে দিন। ফলে ওই বৈঠক বাতিল করে দিতে হয়। বিরোধী দলের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার স্পিকার রথীন্দ্রকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই ঝটিকা দিল্লি সফর প্রত্যাশিত ভাবেই রাজ্য রাজনীতিতে তথা জনমানসে কৌতূহল বৃদ্ধি করেছে।

Suvendu Adhikari West Bengal Politics BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy