E-Paper

এ বার বিডিওর চেয়ারে মন্ত্রী গৌরীশঙ্কর, বিতর্ক

পিছনে পশ্চিমবঙ্গ পুলিশের প্রতীক। আর তার সামনে চেয়ারে বসে মন্ত্রী। পাশে কাঠের চেয়ারে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৬:২৮
ভগবানগোলা ১-এর বিডিওর চেয়ারে মন্ত্রী।

ভগবানগোলা ১-এর বিডিওর চেয়ারে মন্ত্রী। ছবি: সমাজমাধ্যম।

থানায় দামি চেয়ারে তিনি বসাতেই বিতর্ক হয়েছিল। এ বার একাধিক ব্লক অফিসে বিডিওর চেম্বারে চেয়ারে বসা অবস্থাতেও সমাজমাধ্যমে ছবি ছড়াল রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও গ্রন্থাগারমন্ত্রী তথা বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। শনিবার বিতর্ক তুঙ্গে ওঠায় মন্ত্রী বলেন, “কিছু মানুষ অযথা জলঘোলা করতে চাইছেন।” বিরোধীদের কটাক্ষ, মন্ত্রী প্রশাসন-পুলিশকে দলদাস ভাবতে অভ্যস্ত।

রানিনগর ১-এর বিডিওর চেয়ারে গৌরীশঙ্কর।

রানিনগর ১-এর বিডিওর চেয়ারে গৌরীশঙ্কর। ছবি: সমাজমাধ্যম।

পিছনে পশ্চিমবঙ্গ পুলিশের প্রতীক। আর তার সামনে চেয়ারে বসে মন্ত্রী। পাশে কাঠের চেয়ারে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি। ঘটনা বুধবারের। বৃহস্পতিবার থেকে সে ছবি ছড়ায় সমাজমাধ্যমে। তবে পুলিশের দাবি, আচমকা থানায় গিয়েছিলেন মন্ত্রী। তাই ওসির চেয়ারের পাশে রাখা ভাল চেয়ারটিতে তাঁকে বসতে দেওয়া হয়েছিল। গৌরীশঙ্করেরও দাবি, “ওই চেয়ারে বসতে চাইনি। ওসি বললেন, তিনি একটা কাঠের চেয়ারে বসেন। তাই ওই বড় চেয়ারটিতে বসতে বলেছিলেন। তখন বসেছি।”

সাগরপাড়ার ওসির চেয়ারে গৌরীশঙ্কর।

সাগরপাড়ার ওসির চেয়ারে গৌরীশঙ্কর। ছবি: সমাজমাধ্যম।

তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে মুর্শিদাবাদের ভগবানগোলা ১-এর বিডিওর এবং রানিনগর ১-এর বিডিওর সাদা তোয়ালে ঢাকা চেয়ারে মন্ত্রীর বসে থাকার ছবি নতুন করে ছড়ায় সমাজমাধ্যমে। সংশ্লিষ্ট বিডিও বা জেলা প্রশাসনের কর্তারা এ ব্যাপারে মন্তব্য করেননি। তবে সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলছেন, “আধিকারিকেরা না হয় অভ্যাসবশত বিষয়টা করছেন। কিন্তু নতুন সরকারের মন্ত্রীরও সেই একই সংস্কৃতি!” জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, “যাঁর চেয়ারে যাঁকে মানায়, তাঁর সেখানেই বসা উচিত।” ব্লক অফিসের চেয়ারে বসা নিয়ে মন্ত্রীর দাবি, “কোনও চেয়ারেই নাম লেখা ছিল না। যে চেয়ারে আমাকে বসতে বলা হয়েছে, সেটাতেই বসেছি।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BDO

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy