E-Paper

বুদ্ধ-স্মরণ করে ভোটের লড়াই শুরু করবে সিপিএম

দলের রাজ্য কমিটির বৈঠকের পরে নির্বাচনী রণকৌশল প্রসঙ্গে সেলিম বলেছেন, প্রথমত, দলকে মজবুত করতে হবে। দুই, সংহত করতে হবে বামফ্রন্টকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭
বুদ্ধদেব ভট্টাচার্য।

বুদ্ধদেব ভট্টাচার্য। — ফাইল চিত্র।

বাম ও অন্য কিছু দলের জন্য আসন ছেড়ে রেখে বাকি কেন্দ্রে প্রার্থী ঠিক করে বিধানসভা ভোটের প্রস্তুতিতে পূর্ণ উদ্যমে নেমে পড়ার জন্য রাজ্য কমিটিতে বার্তা দিল সিপিএম। এ বার রাজ্যের মোট ২৯৪ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ কেন্দ্রেই সিপিএম প্রার্থী দেবে বলে রাজ্য কমিটির বৈঠকে জানানো হয়েছে। আসনের তালিকাও আলাদা করে জেলাগুলিকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সব জেলা ধরলে প্রায় ১৯০টি আসনের জন্য প্রার্থী বাছতে বলা হয়েছে। অন্য দিকে, জেলা কমিটিগুলিও নিজেদের এলাকায় ‘অগ্রাধিকারে’র আসন চিহ্নিত করে ফেলেছে।

তারই পাশাপাশি এ বার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শুরু করে নির্বাচনী কর্মকাণ্ডের সূচনা করতে চাইছে সিপিএম। ‘প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টে’র নামে আগামী ১ মার্চ বুদ্ধদেবের জন্মদিনে (ওই দিন সিপিএমের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসেরও জন্মদিন) ওই কেন্দ্রের কাজ শুরু হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুক্রবার বলেছেন, ‘‘বুদ্ধদা’র নামে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে আমরা তাঁকে স্মরণ করব। তাঁর কথা মনে রেখেই ‘এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে’ বলে শপথ নেব।’’

দলের রাজ্য কমিটির বৈঠকের পরে এ দিন নির্বাচনী রণকৌশল প্রসঙ্গে সেলিম বলেছেন, প্রথমত, দলকে মজবুত করতে হবে। দুই, সংহত করতে হবে বামফ্রন্টকে। তিন, বামফ্রন্টের বাইরে অন্য বামপন্থী দল, শক্তি, ব্যক্তিবর্গকে শামিল করা হবে। তার বাইরে যে যে শক্তি তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ে রয়েছেন, এমন অংশকে শামিল করা হবে। সেলিমের বক্তব্য, ৯০%-এর বেশি আসনে সমঝোতা হয়ে গিয়েছে। বাকি আসন নিয়ে আলোচনা চলছে। আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের দ্বিপাক্ষিক আলোচনায় এ দিন আরও কয়েকটি আসনের জট কেটেছে বলে সূত্রের খবর। নির্বাচনী ইস্তাহার চূড়ান্ত করার আগে জনতার মতামত থেকে প্রস্তাব নিচ্ছে সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্যেরাও এই বিষয়ে ৭ দিনের মধ্যে মত জানাতে পারেন বলে বৈঠকে তাঁদের জানানো হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM Left Front

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy