রাজ্যে পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’-এর (এসটিএফ) দুটি বিশেষ থানা গঠনের নির্দেশিকা আইনসম্মত নয় এবং অসাংবিধানিক বলে জানিয়ে খারিজ করল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শুক্রবার সার্কিট বেঞ্চে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং সুপ্রতিম ভট্টাচার্যের যৌথ বেঞ্চ ওই নির্দেশিকা খারিজ করে। ফলে, কলকাতায় বিধাননগর এবং শিলিগুড়িতে এসটিএফের দুটি থানার আইনি অস্তিত্ব থাকল না। তাতে ওই দুই থানায় যে সব মামলা আগেই দায়ের হয়েছিল এবং তদন্ত শেষ হয়নি, সে মামলাগুলির ভবিষ্যত কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। থানার অস্তিত্ব না থাকলে, দুই থানার মালখানায় থাকা বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্রের কী হবে, সে প্রশ্নও উঠেছে। সূত্রের খবর, থানা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে রাজ্য সরকার।
২০২৫ সালের জানুয়ারি মাসে এসটিএফের দুটি বিশেষ থানা গঠনের নির্দেশিকা জারি করে রাজ্য। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই পরিকাঠামোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সার্কিট বেঞ্চে মামলা করেন। গত অগস্টে সার্কিট বেঞ্চ থানা গঠনের নির্দেশিকার উপরে অর্ন্তবর্তী স্থগিতাদেশ দেয়। সে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আগের রায়কে স্থগিত করে হাই কোর্টে মামলাটি নিষ্পত্তির জন্য পাঠায় সুপ্রিম কোর্ট। মামলাকারীর পক্ষে আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন, “যে ভাবে এসটিএফ থানা গড়া হয়েছিল তা বৈধ নয়, নির্দেশ যৌথ বেঞ্চের। এসটিএফের থানার আর অস্তিত্ব নেই।” তাঁর দাবি, আদালত মনে করেছে, এসটিএফ নিজের থানা গড়ে নিলে, তা বর্তমানে চলতে থাকা পুলিশ-ব্যবস্থার সমান্তরাল একটি কাঠামো হবে, যা সংবিধান বিরোধী এবং আইনসম্মত নয়।
এখন যে থানা এলাকায় অভিযুক্ত গ্রেফতার হবে, সে থানাতেই মামলা করতে হবে এসটিএফকে। তাদের গোয়েন্দাদের রাজ্যের বিভিন্ন থানা বা আদালতে যেতে হবে তদন্ত কিংবা বিচার-পর্বের জন্য। এসটিএফের এক কর্তা বলেন, ‘‘পদ্ধতিগত কিছু সমস্যা তৈরি হবে।” যদিও আইনজীবীদের একাংশের দাবি, তদন্তের কাজে স্থানীয় থানার পরিকাঠামো ব্যবহার করতে পারবে এসটিএফ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)