Advertisement
E-Paper

টাকা নিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছিলেন তৃণমূল নেতা! বাধা বিজেপির, তোলাবাজির অভিযোগ দায়ের কড়েয়ায়

পার্ক সার্কাস এলাকায় তৃণমূলের স্থানীয় নেতা মহসিন আলি। বিজেপির দাবি, ফর্ম পূরণের মাধ্যমে তিনি এলাকায় তোলাবাজি করছিলেন। ফর্ম পূরণের জন্য মহিলাদের কাছ থেকে ১০০ টাকা করে তুলছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২১:১৫
(বাঁ দিকে) টাকার বিনিময়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে অভিযুক্ত তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের বিক্ষোভ (ডান দিকে)।

(বাঁ দিকে) টাকার বিনিময়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে অভিযুক্ত তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের বিক্ষোভ (ডান দিকে)। ছবি: ভিডিয়ো থেকে।

কলকাতায় টাকা নিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, এক-একটি ফর্ম পূরণ বাবদ মহিলাদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছিলেন তিনি। তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে বসেই তা করা হচ্ছিল। বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন। পরে তাঁর বিরুদ্ধে কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পার্ক সার্কাস এলাকায় তৃণমূলের স্থানীয় নেতা মহসিন আলি। বিজেপির দাবি, ফর্ম পূরণের মাধ্যমে তিনি এলাকায় তোলাবাজি করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে মহসিনের কাছে জড়ো হয়েছিলেন এলাকার কিছু মহিলা। নিজেদের অন্নপূর্ণা যোজনার ফর্ম তাঁরা মহসিনের হাতে তুলে দিয়েছিলেন। ১০০ টাকার বিনিময়ে তিনি যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে দিচ্ছিলেন। কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোন বিজেপির কয়েক জন কর্মী। টাকার বিনিময়ে ফর্ম পূরণের কথা তাঁদের কাছে স্বীকারও করেন মহসিন। বিজেপি কর্মীরা বাধা দিলে তিনি তাঁদের সঙ্গে এর পর বচসায় জড়িয়ে পড়েন। উপস্থিত মহিলারাও ফর্ম ফেরত চান। অভিযোগ, মহসিন প্রথমে ফর্মগুলি ফেরত দিতে চাইছিলেন না। পরে ‌মহিলারা ফর্ম কেড়ে নিতে বাধ্য হন।

বিজেপির তরফে মহসিনের বিরুদ্ধে কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে।

রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। সেই মতো নতুন প্রকল্প চালু হয়েছে। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের জন্য সকলকে নতুন করে ফর্ম পূরণ করতে বলা হয়েছে। ১১ পাতার দীর্ঘ সেই ফর্মে জমির কাগজ থেকে শুরু করে পরিবারের সকলের খুঁটিনাটি, নানা তথ্য চাওয়া হয়েছে। অভিযোগ, মহিলারা অনেকেই এই ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। সেই ফর্মই টাকার বিনিময়ে পূরণ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।

Annapurna Yojana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy