নামেই মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিকাঠামো থেকে সুষ্ঠু পরিবেশ, সবেতেই ঘাটতি কামারহাটির এই কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে। বেহাল পরিকাঠামোর প্রতিবাদে কর্মবিরতিও করেছেন জুনিয়র চিকিৎসকেরা। গোটা হাসপাতাল চত্বর আবর্জনায় ভর্তি। জমে আছে জলও। যাতে মশার লার্ভা থাকারও আশঙ্কা। সুপার গৌতম জোয়ারদার বলেন, ‘‘জুনিয়র ডাক্তারদের অসন্তোষের জেরে মশা মারার তেল ছড়ানো যায়নি। তবে প্রতিদিন সাফাই হয়। তাড়াতাড়ি সেই কাজ শুরু করছি।’’ কামারহাটি পুরসভার চেয়ারম্যান পারিষদ (স্বাস্থ্য) বিমল সাহা বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ জঞ্জাল সাফাইয়ের বিষয়ে খবর দিলে আমরা ব্যবস্থা নিই। জঞ্জাল দফতরকে নিয়ে এ বার আমরা সেখানে সাফাই অভিযান করব।’’