ট্যাক্সির চাকায় পিষ্ট হয়ে ফুটপাতবাসী এক ব্যক্তির মৃত্যুর পরে তাঁর দেহ সরিয়ে ফুটপাতে রেখে দিয়েছিল অভিযুক্ত চালক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় ওই ফুটপাতবাসীর। এর পরেই ট্যাক্সিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা রুজু করা হয়। সেই ঘটনায় এ বার গ্রেফতার করা হল অভিযুক্ত চালককে। ধৃতের নাম সুরেশ সাউ। লাগাতার জিজ্ঞাসাবাদের পরে রবিবার তাকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। সুরেশকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক দু’দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠান।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ রাজা সুবোধ মল্লিকস্কোয়ারের কাছে ফুটপাত থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে মুচিপাড়া থানার পুলিশ। মৃতের নাম-পরিচয় জানা না গেলেও তদন্তকারীরা খোঁজখবর করে জানতে পারেন, ওই ব্যক্তি ফুটপাতে থাকতেন। তাঁর দেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন ছিল। সূত্রের দাবি, শনিবারই ওই ফুটপাতবাসীর দেহের ময়না তদন্ত করা হয়।
ময়না তদন্তকারী চিকিৎসকদের থেকে পুলিশ জানতে পারে, কোনও কিছুর ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এর পরেই ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই ট্যাক্সির চাকায় পিষ্ট হওয়ার ঘটনাটি সামনে আসে।
এক পুলিশকর্তা জানান, ওই ফুটপাতবাসীর দেহের উপর দিয়ে ট্যাক্সির চাকা চলে গিয়েছে, এই তথ্য জানার পরে ওই এলাকার আরও কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখার কাজ শুরু হয়। সেই সূত্রে ট্যাক্সিটি চিহ্নিত করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি জানার পরে ট্যাক্সিচালক সুরেশ সাউকে নিয়ে আসা হয় থানায়। লাগাতার জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে, ওই ব্যক্তিকে ধাক্কা মারার পরে সে তাঁর দেহ রাস্তা থেকে তুলে ফুটপাতে রেখে চলে যায়। সিসি ক্যামেরার ছবির সঙ্গে অভিযুক্তের বক্তব্য মিলে গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)