E-Paper

ট্রামের পুনরুজ্জীবন ও সম্প্রসারণের ভাবনা

অর্জুন জানান, উন্নত বাতানুকূল ট্রাম নিয়ে আসার পাশাপাশি ওভারহেড তারের ঝক্কি এড়াতে প্রয়োজনে ব্যাটারিচালিত ট্রাম চালানোর কথাও ভাবনার মধ্যে রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:৩২

— প্রতীকী চিত্র।

আগের সরকারের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানালেন, কলকাতায় ট্রামের প্রসার ঘটাতে চান তিনি। বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ট্রাম রুট চালু করা ছাড়াও সল্টলেক এবং নিউ টাউনেও ট্রামের পরিষেবা সম্প্রসারিত করতে চায় নতুন সরকার। সেই সঙ্গে ধর্মীয় পর্যটনে উৎসাহ বাড়াতে শহরের উত্তর এবং দক্ষিণের দুই কালী ক্ষেত্রকে জুড়ে দিতে দক্ষিণেশ্বর এবং কালীঘাটের মধ্যে ট্রাম চালানোর কথাও ভেবেছে তাঁর দফতর। পাশাপাশি, রাস্তার মাঝখান দিয়ে ট্রাম চালানোর পরিবর্তে যাত্রীদের সুবিধার্থে বাঁ দিক ঘেঁষে ট্রাম চালানোর কথাও বলেন তিনি।

অর্জুন জানান, উন্নত বাতানুকূল ট্রাম নিয়ে আসার পাশাপাশি ওভারহেড তারের ঝক্কি এড়াতে প্রয়োজনে ব্যাটারিচালিত ট্রাম চালানোর কথাও ভাবনার মধ্যে রয়েছে। শহরে ট্রামের পুনরুজ্জীবনের যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখতে রেলের সমীক্ষক সংস্থা রাইটসকে এ বিষয়ে সমীক্ষা করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। বুধবার বণিকসভা ‘মার্চেন্টস চেম্বার অব কমার্স’-এর উদ্যোগে ‘নতুন পরিবহণ ব্যবস্থার দিশা’ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে রাজ্যের পরিবহণ ক্ষেত্রে একাধিক বদল আনার কথা বলেন মন্ত্রী।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাস্তায় সরকারি বাসের অভাবের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘‘আগামী কয়েক মাসের মধ্যে ৪৭০টি বাস কিনবে সরকার, যার অধিকাংশই ব্যাটারি এবং সিএনজি-চালিত।’’ বিগত সরকারের আমলে বরাত দেওয়া ৬০টি বাস এসে পৌঁছলেও সেগুলি পড়ে ছিল বলে জানান পরিবহণমন্ত্রী। সেই সব বাসও দ্রুত রাস্তায় নামানো হবে। নতুন বাসের মধ্যে সরকার প্রায় ৬০টি ডিজ়েল-চালিত বাস কিনবে। বিভিন্ন পরিবহণ নিগমকে ওই সব বাস দেওয়া হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tram Arjun Singh West Bengal Transport Department West Bengal government BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy