E-Paper

দাঁতনে নথি-নিষ্পত্তি সাঙ্গ ‘বিবেচনাধীনদের’

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি যাচাই করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা। এই জেলায় ২৩ ফেব্রুয়ারি থেকে সেই কাজ চলছে।

বরুণ দে

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৯:১০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ভোটার ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। সংখ্যাটা এক লক্ষের বেশি। এঁরা এ বার বিধানসভায় ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে চর্চার মধ্যেই দাঁতন বিধানসভা কেন্দ্রে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি-নিষ্পত্তির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

সূত্রের খবর, গত ১১ মার্চ দাঁতন বিধানসভার ‘বিবেচনাধীনদের’ নথি-নিষ্পত্তি পর্ব মিটেছে। অথচ ওই দিন পর্যন্ত জেলায় ‘বিবেচনাধীনদের’ নথি-নিষ্পত্তি হয়েছে প্রায় ৪৬ শতাংশ। দাঁতনে যাচাইয়ের গতি খানিক বেশি ছিল। শেষের দিকে দিনে গড়ে ২৫০ জনেরও বেশি ভোটারের নথি-নিষ্পত্তি হয়েছে। সূত্রের খবর, দাঁতনে ‘বিবেচনাধীন’ তালিকায় ৩,২৪৮ জনের নাম ছিল। ৯ মার্চ পর্যন্ত নিষ্পত্তি হয়েছিল ২,৬৮৫ জনের। ১০-১১ মার্চ, দু’দিনে ৫৬৩ জন ভোটারের বিষয়টির নিষ্পত্তি হয়েছে। কেশিয়াড়ি বিধানসভাতেও এই নথি-নিষ্পত্তি শেষের পথে। এই কেন্দ্রে ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছে ২,৫৩৪। এর মধ্যে ১১ মার্চ পর্যন্ত ২,৪৪৩ জনের অর্থাৎ ৯৬.৪০ শতাংশের বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি যাচাই করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা। এই জেলায় ২৩ ফেব্রুয়ারি থেকে সেই কাজ চলছে। দিনে গড়ে সাড়ে তিন থেকে চার হাজার ভোটারের নথি যাচাই হচ্ছে। এক-একজন বিচারক দিনে গড়ে ২০০- ২৫০ জন ভোটারের নথি যাচাই করছেন। এই জেলায় ‘বিবেচনাধীন’ ভোটার এক লক্ষ তিন হাজার ৪৯৬ জন। ৯ মার্চ পর্যন্ত ৩৯,৩০৮ জন ভোটারের বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। ১১ মার্চ পর্যন্ত ৪৭,২৪৯ জন ভোটারের বিষয়টির নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ, ১১ মার্চ পর্যন্ত ৪৫.৬৫ শতাংশ ভোটারের বিষয়টির নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি বাকি ছিল ৫৪.৩৫ শতাংশের। ১০-১১ মার্চ, এই দু’দিনে জেলায় ৭,৯৪১ জনের নথি-নিষ্পত্তি হয়েছে। দিনে গড়ে ৩,৯৭০ জনের নিষ্পত্তি হয়েছে।

জেলায় কাজের যা গতি, তাতে আশা আগামী দু’-তিন সপ্তাহের মধ্যে নথি যাচাই সম্পূর্ণ হতে পারে। জেলার নির্বাচন-আধিকারিকেরা অবশ্য কিছু বলতে নারাজ। তাঁরা মনে করাচ্ছেন, এটি বিচার বিভাগীয় ব্যাপার। একাধিক মহলের অনুমান, আগামী সপ্তাহে বিধানসভা ভোট ঘোষণা হতে পারে। যাঁদের নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তাঁদের নাম রেখে শীঘ্রই অতিরিক্ত (স্‌প্লিমেন্টারি) ভোটার তালিকা প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল প্রমুখের। অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব, ওই তালিকা প্রকাশিত হবে। প্রকাশিত তালিকা নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে ‘বিচার’ করবে ট্রাইবুনাল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Datan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy