১ লক্ষ ২১ হাজার ২৮৮ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করে একমাসেই ১২ কোটি ৮২ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা আদায় করল দক্ষিণ-পূর্ব রেল। গত বছরের তুলনায় চলতি বছরে জরিমানা বাবদ রাজস্ব বেড়ে দ্বিগুণ হল খড়্গপুর ডিভিশনে। বিনা টিকিটে ভ্রমণ রুখতে লাগাতার বিশেষ অভিযান চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন। তাতেই মিলছে সাফল্য।
বিনা টিকিটে ট্রেনে সফর করার অভিযোগ সম্প্রতি বেড়ে চলছিল। অভিযোগ, শুধু লোকাল ট্রেন নয়, বন্দেভারত, জনশতাব্দী এক্সপ্রেস থেকে দূরপাল্লার সুপারফাস্ট এক্সপ্রেসেও সংরক্ষিত কামরায় টিকিট না কেটে উঠে পড়ছিলেন কিছু যাত্রী। সঙ্গে থাকত লাগেজও। এমন অভিযোগের প্রেক্ষিতেই খড়্গপুর ডিভিশন নিয়মিত অভিযানের সিদ্ধান্ত নেয়। চলতি বছরের জুন মাসের পরিসংখ্যান বলছে, খড়্গপুর ডিভিশনের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ১ লক্ষ ২১ হাজার ২৮৮ জন যাত্রীকে ধরে, যাঁরা বিনা টিকিটে সফর করছিলেন। তাতে জরিমানা বাবদ মোট রাজস্ব আদায় হয়েছে ১২ কোটি ৮২ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা।
২০২৫ সালের জুন মাসে ৮৬ হাজার ১৭৯ জনের কাছ থেকে জরিমানা বাবদ আদায় হয়েছিল ৬ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার ২৭০ টাকা। অর্থাৎ চলতি বছরে জরিমানা বাবদ আদায় হয়েছে প্রায় দ্বিগুণ অর্থ। চলতি বছরে একটানা সাফল্য মিলেছে খড়্গপুর ডিভিশনে। কখনও দূরপাল্লার ট্রেনে তল্লাশি চালানো হয়েছে তো কখনও লোকাল ট্রেনেও চলেছে তল্লাশি অভিযান। আবার খড়্গপুর, মেচেদা, তমলুক, হলদিয়া, দিঘা, পাঁশকুড়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও নিয়মিত অভিযান চালানোয় ধরা পড়েছে বিনা টিকিটের যাত্রী।